ব্ল্যাটারের বিলম্বিত বোধোদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেপ ব্ল্যাটার
সেপ ব্ল্যাটার

দেরিতে হলেও এত দিনে এসে একটা আত্মোপলব্ধি হলো সেপ ব্ল্যাটারের। নইলে কি আর বলেন, এত ঝামেলায় না গিয়ে আরও আগেই তাঁর ফিফা সভাপতির পদ ছেড়ে দেওয়া উচিত ছিল!

অথচ এই পদটা আঁকড়ে ধরে রাখার কত চেষ্টাই না একসময় করেছিলেন ব্ল্যাটার! দুর্নীতির অভিযোগ ওঠার পরও সরতে চাননি। শেষমেশ অনেক জল ঘোলা করে ২০১৫ সালের জুনে পঞ্চম মেয়াদে ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার মাত্র চার দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দেন। তারপর দুর্নীতির শাস্তি হিসেবে ফিফার নৈতিকতা কমিটির কাছ থেকে তিনি ও উয়েফা সাবেক সভাপতি মিশেল প্লাতিনি নিষেধাজ্ঞাও পান। এত দিন পর এসে ব্ল্যাটারের মনে হচ্ছে, জোর করে পদ আঁকড়ে থেকে ভুলই করেছিলেন। সুইস একটি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে ৮১ বছর বয়সী সাবেক এই ফুটবল প্রশাসক বলেছেন, ‘আমার আরও আগেই সরে যাওয়া উচিত ছিল।’

সুইস একটি সাময়িকীর সম্পাদকই নাকি তাঁকে সতর্ক করে বলেছিলেন, অন্য সবকিছুর মতো ফিফা সভাপতিও মেয়াদোত্তীর্ণ হয়ে যেতে পারেন। তখন সেই সতর্কবার্তাটি কানে নেননি বলে এখন একটু আফসোস হচ্ছে ব্ল্যাটারের, ‘২০১৪ সালের দিকে তিনি কথাটা বলেছিলেন। আমি তাঁকে উল্টো বলেছিলাম, কোনো কোনো পণ্যের গায়ে তো লেখা থাকে, ঠান্ডা জায়গায় সংরক্ষণ করলে কখনো কখনো মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও সেটা ব্যবহার করা যায়।’

কিন্তু সংরক্ষণের কথাটা যে নিজের ক্ষেত্রে খাটবে না, সেটা বোধ হয় তখন বুঝতে পারেননি ব্ল্যাটার। এএফপি।