ব্ল্যাটারের মুখে ডলারের তোড়া

জুরিখে ফিফার সদর দপ্তরে সংবাদ সম্মেলনটা তখনো শুরু হয়নি। মঞ্চে বসা ফিফার সভাপতি সেপ ব্ল্যাটার প্রস্তুতি নিচ্ছেন বিবৃতি পড়ার। হঠাৎই প্রচারমাধ্যমের ব্যাজ নিয়ে সংবাদ সম্মেলনকক্ষে ঢুকে পড়লেন একজন। ব্ল্যাটারের দিকে গিয়ে কী যেন বলতে শুরু করলেন। ব্ল্যাটার নিরাপত্তারক্ষীদের ডাকতে শুরু করে দিয়েছেন। আগন্তুক ততক্ষণে পকেট থেকে বের করে এনেছেন এক তোড়া নকল ডলারের নোট। আক্ষরিক অর্থেই ব্ল্যাটারের মুখের ওপর ছুড়ে দিয়ে বলে উঠলেন, ‘সেপ, এটা উত্তর কোরিয়ায় ২০২৬ বিশ্বকাপের জন্য।’ মঞ্চে ডলার উড়ছে, তারই মাঝে বসে আছেন বিব্রত ব্ল্যাটার।
পরশু জুরিখে এই কাণ্ডটি ঘটিয়েছেন সাইমন ব্রডকিন নামের এক ব্রিটিশ কৌতুকাভিনেতা। অনেকের কাছে নিজের সৃষ্ট চরিত্র ‘লি নেলসন’ নামেও যিনি পরিচিত। ঘটনার সঙ্গে সঙ্গেই অবশ্য তাঁকে বের করে নিয়ে যাওয়া হয় সংবাদ সম্মেলনকক্ষ থেকে। বিব্রত ও অপ্রস্তুত ব্ল্যাটার ‘এ ঘটনার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই’ বলে মঞ্চ ছাড়েন। মিনিট দশেক পরেই অবশ্য ফিরে আসেন। সবার কাছে ক্ষমা চেয়ে দাবি করেন, ‘যথাযথ শিক্ষার অভাবে’ ঘটনাটা ঘটেছে।
কিন্তু ব্রডকিন ‘ক্ষতিটা’ যা করার, করে ফেলেছেন। উপস্থিত সাংবাদিকদের মুঠোফোনে ধারণ করা ঘটনার ভিডিও ততক্ষণে ছড়িয়ে পড়তে শুরু করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ব্রডকিন নিজেও টুইটারে একটা ছবি দিয়ে বিদ্রূপ করে লিখেছেন, ‘সেপ ব্ল্যাটারের সভায় থাকতে পেরে রোমাঞ্চিত, যেটিতে উত্তর কোরিয়াকে ২০২৬ বিশ্বকাপ দেওয়া হয়েছে।’
জুরিখ পুলিশ ব্রডকিনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করলেও জিজ্ঞাসাবাদের পর সেদিনই ছেড়ে দিয়েছে। জুরিখ পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘ব্রডকিনের বিরুদ্ধে মামলা হবে কি না, সেই সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রীয় কৌঁসুলি।’
ব্রডকিনের এ ধরনের নাটুকে কাণ্ড অবশ্য এটাই প্রথম নয়। গত বছর ইংল্যান্ডের বিশ্বকাপ দলের সঙ্গেও ছদ্মবেশে বিমানে উঠতে গিয়ে ধরা পড়েছিলেন। ২০১৩ সালে এভারটনের সঙ্গে ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগের ম্যাচের আগে সিটির খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছিলেন! এএফপি, বিবিসি।