ব্ল্যাটারের শেষ 'শিকার' প্লাতিনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুজনের এমন প্রাণোচ্ছল হাসির ছবিটা তাহলে শুধুই মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য! ফাইল ছবি
দুজনের এমন প্রাণোচ্ছল হাসির ছবিটা তাহলে শুধুই মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য! ফাইল ছবি

‘মানিকজোড়’ না ‘একই বৃন্তে দুটি ফুল’?

সেপ ব্ল্যাটার ও মিচেল প্লাতিনিকে দেখে এ প্রশ্নটাই মনে আসত। একজন ফিফা সভাপতি আরেকজন ইউরোপিয়ান ফুটবলের কর্ণধার। বিশ্ব ফুটবলের দুই হর্তাকর্তার দহরম-মহরম ছিল ঈর্ষা করার মতো। দেখে মনে হতো নিজের উত্তরসূরিকে একেবারে গড়ে পেটে নিচ্ছেন ব্ল্যাটার। কিন্তু এত দিন পরে বোমা ফাটালেন প্লাতিনি, ব্ল্যাটার নাকি সব সময় তাঁকে ধ্বংস করার হুমকি দিতেন!
বোমাটা ফাটালেন বটে, তবে প্লাতিনির মুখ থেকে এ রকম কিছুই শোনার অপেক্ষায় ছিল সবাই। ২০১৫ সালে দুজনকেই একসঙ্গে নিষিদ্ধ করা হয় ফুটবল থেকে। প্লাতিনিকে অবৈধভাবে ২০ লাখ সুইস ফ্রাঁ দিয়েছিলেন ব্ল্যাটার—এই অভিযোগে নিষেধাজ্ঞা জুটেছিল দুজনের। প্লাতিনি অবশ্য এ অর্থ প্রাপ্তিকে এক যুগ আগের একটা কাজের পুরস্কার বলে দাবি করে এসেছেন সব সময়। কিন্তু সে যুক্তি ধোপে টিকেনি, আট বছরের নিষেধাজ্ঞা জুটেছিল তাঁর। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করে সেটা চার বছরে নামিয়ে এনেছেন ফরাসি কিংবদন্তি।
তবু নিজেকে নিষ্পাপ প্রমাণ করার লড়াইটা চালিয়ে যাবেন বলেছিলেন প্লাতিনি। ২০১৬ সালের সে ঘোষণার পর অবশ্য লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন অবশেষে কাল মুখ খুললেন। ফ্রেঞ্চ পত্রিকা লে মন্দেকে বলেছেন, ফিফা আসলে তাঁকে বলির পাঠা বানিয়ে দিয়েছে, ‘তারা আমাকে ধ্বংস করার উপায় খুঁজছিল। কলকাঠি নাড়িয়ে ফিফার অন্দরমহলের অনেক কিছু নষ্ট করা হয়েছে। আমি আশা করেছি, তারা একসময় সত্যি কথাটা বলবে কিন্তু সেটা কখনোই হলো না।’
এখানেই শেষ নয়। প্লাতিনির দাবি দেড় যুগেরও বেশি বিশ্ব ফুটবলকে শাসন করা ব্ল্যাটার নাকি ফিফাকে নিজের সম্পত্তিই মনে করতেন! ‘সে ভেবেছিল, সে আরও বুড়ো হবে, শেষ হবে, মরবে এবং ফিফাতেই সমাহিত হবে। তাঁর ওটাই ইচ্ছা ছিল।’ আর এ কারণেই প্লাতিনিকে ধ্বংস করতে চেয়েছিলেন ব্ল্যাটার, ‘তার মতো অহংকারী লোক জীবনে দেখেনি আমি। সে সব সময়ই বলত, আমি হব তার শেষ শিকার।’
এত কিছুর পরও ব্ল্যাটারের প্রশংসা করতে ভোলেননি প্লাতিনি। তাঁর চোখে ব্ল্যাটার ব্যক্তি হিসেবে খুবই ‘আকর্ষণীয়’ তবে রাজনীতিক হিসেবে ‘ব্যতিক্রমী এক পশু!’ সূত্র: এএফপি।