ব্ল্যাটারের সঙ্গে আটকে গেলেন প্লাতিনিও!
সেপ ব্ল্যাটারের বৃত্তটা যে একটু একটু করে ছোট হয়ে আসছে সেটা অনেক দিন থেকেই বোঝা যাচ্ছিল। দুর্নীতির অভিযোগে ফিফার শীর্ষ কর্তাদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন, গত সপ্তাহে বহিষ্কার করা হয়েছে মহাসচিব জেরোম ভালকেকেও। সুইস কর্তৃপক্ষ ফিফা সভাপতির বিরুদ্ধে আনল আর্থিক অনিয়মের অভিযোগ। আর ব্ল্যাটারের সঙ্গে ফেঁসে যেতে পারেন মিশেল প্লাতিনিও। এ নিয়েই এখন তুমুল আলোচনা।
প্লাতিনির নাম দেখে অবাক হওয়ারই কথা। ব্ল্যাটারের বিরুদ্ধে বেশ কয়েক মাস ধরেই সরব উয়েফা সভাপতি। দুজনের সম্পর্কে চিড় ধরেছে এমন ধারণাই এখন সাধারণ্যে। যদিও একটা সময় ব্ল্যাটারের খুব ঘনিষ্ঠ ছিলেন প্লাতিনি। সেই সময়ের একটা লেনদেন নিয়েই এখন কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে দুজনকে। অভিযোগটা সত্যি হলে বিরাট ক্ষতি হয়ে যেতে পারে প্লাতিনির। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ব্ল্যাটারের উত্তরসূরি হিসেবে ফ্রেঞ্চ কিংবদন্তিরই জয় দেখছেন অনেকে। কিন্তু দোষী প্রমাণিত হলে প্লাতিনির হয়তো বসা হবে না ফিফার মসনদে।
অভিযোগটা অবশ্য অনেক পুরোনো। ১৯৯৯ থেকে ২০০২ সালের মধ্যে ব্ল্যাটারের সঙ্গে একটা আর্থিক লেনদেন হয়েছিল প্লাতিনির। তখন ব্ল্যাটার ফিফার সভাপতি থাকলেও প্লাতিনি উয়েফার সভাপতি হয়েছেন ২০০৭ সালে। কিন্তু ব্ল্যাটার সেই অর্থ প্লাতিনিকে শোধ করেছিলেন ২০১১ সালে। সুইস আইনজীবীদের কথা, এত দিন পর এসে অর্থটা পরিশোধ করা হলো কেন? শুক্রবার রাতে ফিফার সদর দপ্তরে তল্লাশিও চালানো হয়েছে।
এর মধ্যেই দুজনই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। ব্ল্যাটারের আইনজীবী রিচার্ড কালেন অবশ্য আত্মবিশ্বাসী যে তাঁর মক্কেল নির্দোষ, ‘সুইস কর্তৃপক্ষ সব দলিল ভালোমতো খতিয়ে দেখলেই বুঝতে পারবে পুরো চুক্তিটা নিয়ম মেনেই করা হয়েছিল। ফিফার বেশ কয়েকজন কর্মকর্তাও এখানে কাজ করেছেন। কোনো ধরনের অনিয়ম এখানে হয়নি।’ প্লাতিনি দাবি করেছেন, ওই লেনদেন ছিল ফিফার সঙ্গে একটা খণ্ডকালীন প্রকল্পের অংশ, ‘আমাকে যে টাকা (আনুমানিক ২০ লাখ ডলার) দেওয়া হয়েছিল, সেটা ফিফার সঙ্গে একটা প্রকল্পের অংশ। আমি এরই মধ্যে সুইস কর্তৃপক্ষকে বলেছি, দরকার হলেই আমাকে জিজ্ঞাসাবাদ করা যাবে। আমি সুইজারল্যান্ডেই আছি।’
সুইস কর্তৃপক্ষের পাশাপাশি এর মধ্যে ফিফার নৈতিকতা-বিষয়ক কমিটিও ব্যাপারটা নিয়ে তদন্ত শুরু করেছে। ব্ল্যাটার-প্লাতিনি বোধ হয় ভালোমতোই জালে আটকে গেলেন! এএফপি, রয়টার্স।