ব্ল্যাটারের 'শেষ শিকার'

একসময় মনে হতো তাঁরা দুজন খুব ভালো বন্ধু। এখন মনে হচ্ছে, ভেতরে-ভেতরে এত শত্রুতা পুষে রেখে বন্ধুত্বের ভাব কীভাবে করতেন! সেপ ব্ল্যাটার ও মিশেল প্লাতিনি—একজন ফিফা সভাপতি ছিলেন, অন্যজন উয়েফার প্রধান। বিশ্ব ফুটবলের দুই হর্তাকর্তার দহরম-মহরম দেখে মনে হতো নিজের উত্তরসূরি হিসেবে প্লাতিনিকে একেবারে গড়েপিটে নিচ্ছেন ব্ল্যাটার। কিন্তু এত দিন পরে বোমা ফাটালেন প্লাতিনি, ব্ল্যাটার নাকি সব সময় তাঁকে ধ্বংস করার হুমকি দিতেন!
২০১৫ সালে দুজনকেই একসঙ্গে নিষিদ্ধ করা হয় ফুটবল থেকে। প্লাতিনিকে অবৈধভাবে ২০ লাখ সুইস ফ্রাঁ দিয়েছিলেন ব্ল্যাটার—এই অভিযোগে আট বছর করে নিষেধাজ্ঞা জুটেছিল দুজনের। প্লাতিনি অবশ্য এ অর্থপ্রাপ্তিকে এক যুগ আগের একটা কাজের পুরস্কার বলে দাবি করে এসেছেন সব সময়। ফিফার আপিল কমিটি পরে দুজনের নিষেধাজ্ঞা দুই বছর করে কমিয়ে দেয়। এরপর আবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করে সেটা চার বছরে নামিয়ে এনেছেন ফরাসি কিংবদন্তি, তবে ব্ল্যাটার শাস্তিটা ছয় বছর থেকে কমাতে পারেননি।
প্লাতিনি নিজেকে নিষ্পাপ প্রমাণ করার লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে হঠাৎ অন্তরালে চলে গেলেন। অবশেষে মুখ খুললেন পরশু। ফ্রেঞ্চ পত্রিকা লে মন্দেকে বলেছেন, ফিফা আসলে তাঁকে বলির পাঁঠা বানিয়েছে, ‘তারা আমাকে ধ্বংস করার উপায় খুঁজছিল। কলকাঠি নাড়িয়ে ফিফার অন্দরমহলের অনেক কিছু নষ্ট করা হয়েছে। আমি আশা করেছিলাম, তারা একসময় সত্যি কথাটা বলবে কিন্তু সেটা কখনোই হলো না।’
প্লাতিনির দাবি, দেড় যুগেরও বেশি বিশ্ব ফুটবলকে শাসন করা ব্ল্যাটার নাকি ফিফাকে নিজের সম্পত্তিই মনে করতেন, ‘সে ভেবেছিল, সে আরও বুড়ো হবে, ফিফাতেই শেষ হবে, ফিফাতেই মরবে এবং ফিফাতেই সমাহিত হবে। তার ওটাই ইচ্ছা ছিল।’ আর এ কারণেই প্লাতিনিকেও ধ্বংস করতে চেয়েছিলেন ব্ল্যাটার, ‘তার মতো অহংকারী লোক জীবনে দেখেনি আমি। সে সব সময়ই বলত, আমি হব তার শেষ শিকার।’
প্লাতিনি ব্ল্যাটারকে সংজ্ঞায়িত করেছেন এভাবে—ব্যক্তি হিসেবে খুবই ‘আকর্ষণীয়’, তবে রাজনীতিক হিসেবে ‘ব্যতিক্রমী এক পশু!’ এএফপি।