ব্ল্যাটার-প্লাতিনি চুক্তিটা ছিল মৌখিক!

মিশেল প্লাতিনি ও সেপ ব্ল্যাটারকে নিয়ে নাটক যেন শেষই হচ্ছে না। কদিন আগেই ব্ল্যাটার স্বীকার করেছেন, প্লাতিনির সঙ্গে তাঁর লেনদেনের কোনো লিখিত দলিল নেই। প্লাতিনিও কাল নিশ্চিত করলেন, চুক্তিটা মুখে মুখেই হয়েছিল। আর সে জন্য পরোক্ষে দোষটা চাপিয়েছেন ব্ল্যাটারের ঘাড়েই।
ফিফার নৈতিকতা কমিটি যখন ব্ল্যাটার-প্লাতিনিকে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করল, অনেক রকম প্রশ্নই উঠেছিল। দুজনের লেনদেনটা আসলে ঠিক কী নিয়ে হয়েছিল? সেই টাকাটা প্লাতিনি কেন এত দেরি করে পেলেন? ফিফারই বা স্বার্থ ক্ষুণ্ন হয়েছে কীভাবে? ফ্রেঞ্চ দৈনিক লে মঁদকে দেওয়া সাক্ষাৎকারে প্লাতিনি জমে থাকা অনেক ধোঁয়াশাই সরিয়ে দিয়েছেন। তাঁকে হেয় করার জন্য দোষটাও ব্ল্যাটারের ঘাড়েই চাপিয়েছেন।
সুইস আইন অনুযায়ী মৌখিক চুক্তির সঙ্গে লিখিত চুক্তির পার্থক্য নেই। প্লাতিনি তাই সুইস আইন ভাঙেননি। কিন্তু আসলে ফিফা তাঁকে চেয়েছিল কেন? ঘটনাটা উয়েফা সভাপতির মুখেই শুনুন, ‘আমি ১৯৯৮ বিশ্বকাপ আয়োজক কমিটির সভাপতি ছিলাম। এরপর ফিফা নির্বাচনে ব্ল্যাটার সভাপতি হলেন। একদিন তিনি আমাকে ডেকে বললেন, আমাকে মহাসচিব হিসেবে পেতে চান। আমাকে নাকি তাঁর দরকার। কিন্তু আমি তখন বিশ্বকাপ নিয়ে ব্যস্ত। তাঁকে আমি না করে দিলাম। তখন তিনি বললেন আমি তাঁর উপদেষ্টা হতে পারব কি না। বললেন, “তুমি আমার কাছে কত চাও?” আমি বললাম, এক মিলিয়ন। তিনি বললেন, ‘কিসে চাও? রুবল, ডলার নাকি ফ্রাঁ?’ তখনো ইউরো ছিল না। আমি বললাম, “ঠিক আছে, বছরে এক মিলিয়ন ফ্রাঁ হলেই চলবে।”
এখন প্রশ্ন উঠতে পারে, প্লাতিনি আসলে কোন বিষয়ে পরামর্শ দিয়েছিলেন? ফ্রেঞ্চ কিংবদন্তি বলেছেন, ফিফার উন্নয়নশীল দেশের জন্য গোল-প্রকল্পসহ বিপণনের বেশ কিছু বিষয়ে ব্ল্যাটারকে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ২০০২ সালের নয় বছর পর কেন টাকাটা পেলেন? প্লাতিনির উত্তরটা চমকে দেওয়ার মতোই, ‘ব্ল্যাটার আমাকে বলেছিলেন, ফিফার মহাসচিবই বছরে তিন মিলিয়ন ফ্রাঁর বেশি পায় না। তোমাকে আমি আপাতত এক মিলিয়ন দেব, বাকিটা পরে পাবে। কিন্তু পরে সেটা আর পাইনি।’
প্লাতিনির দাবি, পুরো বিষয়টি নিয়ে তাঁর গায়ে অযথাই কাদা মাখানো হয়েছে। সে জন্য ইঙ্গিতও তুলেছেন ব্ল্যাটারের দিকে। একসময় ফিফার বিদায়ী সভাপতির সঙ্গে সম্পর্কটা উষ্ণই ছিল। কিন্তু গত নির্বাচনের আগে সেটিতে চিড় ধরে। প্লাতিনির কাছে ব্ল্যাটার অবশ্য এখনো রয়েছেন শ্রদ্ধার জায়গায়, ‘তিনি যদি আমাকে রাজনৈতিকভাবে খুনও করতে চান, আমাদের দুজনের মিলিত কিছু স্মৃতির জন্য আমার এখনো একটু শ্রদ্ধা তাঁর ওপর আছে।’
কিন্তু এত কিছুর পর ফিফা সভাপতি হওয়ার সম্ভাবনা কি প্রায় শেষই হয়ে গেল না? প্লাতিনি এখনো আত্মবিশ্বাসী, ‘ফিফা আবার ফুটবলের প্রাণকেন্দ্র হবে, সেটা আমিই নিশ্চিত করতে পারি।’ এই আত্মবিশ্বাসটুকুই এখন খুব দরকার তাঁর! এএফপি।