ব্ল্যাটার-প্লাতিনির হতাশা
নতুন সভাপতির জন্য নির্বাচন হয়ে গেছে গতকালই। তবে ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার ও তাঁর একসময়ের ‘বন্ধু’ সাবেক উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে নিয়ে বিতর্কের শেষ বোধ হয় হচ্ছে না শিগগিরই। ফিফার আপিল কমিটির রায়ে দুজনের আট বছরের নিষেধাজ্ঞা কমে দাঁড়িয়েছে ছয় বছরে। এক হিসাবে এটা তো ব্ল্যাটার ও প্লাতিনি দুজনের জন্যই ‘সুসংবাদ’ হওয়ার কথা। তবে ফিফার সভাপতি নির্বাচনের আগের দিন, গত পরশু, এ রায়ের পর উল্টো প্রতিক্রিয়াই জানিয়েছেন দুজন। ব্ল্যাটারের কাছে এই শাস্তি কমানোটা ‘হাস্যকর’। প্লাতিনিও মনে করেন, এটা করে তাঁদের আরও লজ্জা দেওয়া হয়েছে।
২০১১ সালে তখনকার উয়েফা সভাপতি প্লাতিনিকে ২০ লাখ ডলার দিয়েছিলেন ফিফা সভাপতি ব্ল্যাটার। ফিফা নৈতিকতা কমিটির তদন্তে যে লেনদেনটি ‘অবৈধ’ প্রমাণিত হয়েছে। এ অভিযোগে গত ডিসেম্বরে নৈতিকতা কমিটি এই দুই ফুটবল প্রশাসককে সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ড থেকে ৮ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল। আপিলের পর সেটি এখন কমে ৬ বছর হয়েছে।
তবে কাল নির্বাচনের দিন সুইস একটি দৈনিকের কাছে সাক্ষাৎকারে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ব্ল্যাটার, ‘আমি খুবই হতাশ। ওরা আমাকে নিষেধাজ্ঞা দিয়ে রাখল! কিন্তু কেন? একটা লেনদেনের জন্য, যে লেনদেনটির সঙ্গে নৈতিকতার কোনো ব্যাপার জড়িত নয়।’ দুই বছর নিষেধাজ্ঞা কমানোটা তাই ব্ল্যাটারের চোখে ‘একটা বাজে রসিকতা’ ছাড়া আর কিছুই নয়।
ব্ল্যাটারের পর প্লাতিনিকেই ফিফার ভবিষ্যৎ সভাপতি দেখা হচ্ছিল। ফ্রান্সের এই ফুটবল কিংবদন্তিরও ইচ্ছে ছিল সভাপতি হওয়ার। কিন্তু নিষেধাজ্ঞার কারণে শেষ পর্যন্ত নির্বাচনই করতে পারলেন না। কাল নির্বাচনের দিন আপিল কমিটির রায়ের প্রতিক্রিয়ায় সেই হতাশাই উগরে দিলেন প্লাতিনি, ‘এটা অপমানজনক, লজ্জাজনক সিদ্ধান্ত। আমি এমন একটা কমিটির সিদ্ধান্তের বলি হলাম যাদের একমাত্র উদ্দেশ্য ছিল আমাকে নির্বাচন করতে না দেওয়া।’
তবে এই হতাশা কাটিয়ে আবারও ফুটবল প্রশাসনে ফিরবেন বলে আশাবাদী তিনি, ‘এমন নয় যে সভাপতি হতে পারিনি বলে আমি আত্মহত্যা করব কিংবা হতাশা ঘোচানোর ওষুধ খাব। আমি তো রাজনীতিবিদ নই, আমি ফুটবলের মানুষ, ফুটবলেই আছি। নিজেকে নির্দোষ প্রমাণের জন্য আমি লড়াই করে যাব।’ এএফপি, ইএসপিএন।