বড় অসময়ে তার চলে যাওয়া

কাল সবাইকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলে ডাকা পাওয়া ময়মনসিংহের কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী সাবিনা আক্তার। আজ সকাল ১০টায় কলসিন্দুর মাদ্রাসা মাঠে জানাজা শেষে রানীপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। সাবিনার মৃত্যুতে শোকের ছায়া ময়মনসিংহে।
গত রোববার থেকে সাবিনা জ্বরে ভুগছিল সাবিনা। গত সোমবার বিকেলে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২০১৩ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হয়ে খেলে সাবিনা। ২০১৬ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলের অনুশীলন ক্যাম্পে ডাক পেলেও মূল দলে ঠাঁই হয়নি। সম্প্রতি সে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলে ডাক পায়। গতকাল বুধবার তার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত কিছুই হলো না। নিয়তি তাকে থামিয়ে দিল বড় অসময়ে।