
গ্যালারির দিকে তাকিয়ে মনেই হচ্ছিল না, এটি ফেডারেশন কাপের ফাইনাল। আর দশটা সন্ধ্যার মতোই নিস্তরঙ্গ বঙ্গবন্ধু স্টেডিয়াম। সময়ের সঙ্গে অবশ্য আবাহনী গ্যালারিতে কিছু সমর্থক এসেছেন। মেরেকেটে তা হাজার দুই-তিনেক হতে পারে। এই সমর্থকেরা অবশ্য প্রিয় দলের খেলা বেশ উপভোগই করলেন।

করারই কথা। ঢাকা আবাহনী শুধু ভালোই খেলেনি, খুনে মেজাজেই দেখা দিল কাল। আর তাতে চূর্ণ চট্টগ্রাম আবাহনী। ফাইনাল জিততে গোল দরকার, সেই গোলও বড় আবাহনী পেয়ে গেল প্রথমার্ধে দু-দুটি। দ্বিতীয়ার্ধে আরেকটি। ৩-১ এর জয়, ফাইনালটা একপেশেভাবেই জিতে গেল আকাশি-নীলেরা। এটি তাদের টানা দ্বিতীয় ফেডারেশন কাপ জয়। আবাহনী শেষবার টানা ফেডারেশন কাপ জিতেছে ১৭-১৮ বছর আগে। ১৯৯৭-২০০০ টানা তিনবার।
ফেডারেশন কাপের রোল অব অনারে চ্যাম্পিয়নের ঘরে প্রথমবার নাম লেখাতে কাল নেমেছিল চট্টগ্রাম আবাহনী। কিন্তু চাপের কাছেই দলটি ভেঙে পড়ে। হতে পারে এটি ছিল চট্টগ্রাম আবাহনীর প্রথম ফাইনাল। তাই উত্তেজনায় ভুল করে ফেলেছে অনেক। ৮১ মিনিটে পেনাল্টিতে এলিসন ৩-১ করলেও তা শুধুই ব্যবধান কমিয়েছে। বড় আবাহনীর জয় আটকাতে পারেনি।
রক্ষণের ভুলেই চট্টগ্রাম আবাহনী নিজেদের সর্বনাশ ডেকে এনেছে। অনেক জায়গা তারা দিয়েছে বড় আবাহনীকে। জায়গা পেলে আবাহনীর মতো অভিজ্ঞ দল কী করতে পারে, তা দেখা গেল প্রথমার্ধের শেষ দিকে। ৩৭ মিনিটে দ্রুতগতির আক্রমণ থেকে জীবনের শট চট্টগ্রাম আবাহনীর এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে। বিরতির আগের মিনিটে ইমন বাবুর ভলিতে ২-০।
বিরতির তিন মিনিট পরই ওয়ালীর ক্রস থেকে এমেকা বল বাতাসে রেখেই দারুণ শটে জালে পাঠান। অন্যদিন দুই বিদেশির কোটায় আক্রমণে এমেকাকে বাইরে রেখে মাঝমাঠে ল্যান্ডিং ও রক্ষণে সামাদকে রাখতেন আবাহনীর কোচ দ্রাগো মামিচ। কিন্তু ফাইনালে শুরু থেকেই আক্রমণে এমেকা। অর্থাৎ শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে চেয়েছে বড় আবাহনী এবং তাতে সফল। ম্যাচসেরা হয়েছেন ঢাকা আবাহনীর জীবন। সর্বোচ্চ গোলদাতা এমেকা (৬ গোল)। টুর্নমেন্ট সেরা ইমন বাবু।
ম্যাচ শেষে আবাহনীর কিছু সমর্থক আনন্দ করেছেন। কিন্তু আগের মতো সমর্থক না থাকায় উৎসবটা ঠিক জমেনি। তবে আবাহনীর তাতে কী! মৌসুমটা তো শুরু করা গেল শিরোপা জিতে!