বড় আর্জেন্টিনার অভিশাপ লেগেছে ছোটদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রিয়ার বিপক্ষে হতাশায় নুয়ে পড়েছেন আর্জেন্টিনা যুব দলের সদস্য লিওনার্দো রোলোন। ছবি: এএফপি
অস্ট্রিয়ার বিপক্ষে হতাশায় নুয়ে পড়েছেন আর্জেন্টিনা যুব দলের সদস্য লিওনার্দো রোলোন। ছবি: এএফপি

লিওনেল মেসির ভাবনায় এখন আগামীকালের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে খবরটা তাঁর কানে পৌঁছেছে কিনা, কে জানে! তবে জেনে থাকলে নিশ্চিত একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে আর্জেন্টিনা অধিনায়কের বুক চিরে। তাঁর উত্তরসূরিদের এ কী দুর্দশা! তবে কী জাতীয় দলের বিশ্বকাপ-অভিশাপ লাগল ছোটদেরও?

আর্জেন্টিনা দলে প্রতিভার অভাব ছিল না কোনো কালেই। জাতীয় দল খেলোয়াড় রপ্তানিতে ব্রাজিলকে ছাপিয়ে যাওয়া, একের পর এক তরুণ প্রতিভা উঠে এলেও বিশ্বকাপের মতো বড় মঞ্চে গত ২৯ বছরে কোনো সাফল্য নেই দলটির। এ কথা বড়রা শুনলেও ছোটদের শুনতে হয়নি খুব একটা। কারণ, ১৯৯৫ থেকে ২০০৭—এ সময়ে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের সাত আসরে পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। ২০০৫ বিশ্বকাপ তো একেবারেই মেসিময়। সেই আসরের গোল্ডেন বুট আর গোল্ডেন বল—দুটোই জিতেছিলেন বার্সা ফরোয়ার্ড।
সেই আর্জেন্টিনাকে গত তিন আসরে খুঁজেই পাওয়া যায়নি। ২০০৯ ও ২০১৩-এই দুবার তো বাছাই পর্বের বাধাই পেরোতে পারেনি। কিন্তু এবার ফেবারিটের তকমা নিয়েই ভবিষ্যতের মেসিরা খেলতে গিয়েছিলেন নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। অথচ প্রথম রাউন্ড থেকেই বিদায়। দেশের বিমান ধরতে হচ্ছে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়নদের।
পানামার মতো দলের কাছে ২-২ ড্র, ঘানার বিপক্ষে ২-৩ গোলে হারের পর আর আজ বাঁচা-মরার লড়াইয়ে অস্ট্রিয়ার কাছে গোলশূন্য ড্র প্রথম পর্বে বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে আর্জেন্টিনা যুবাদের। আর তাই সেই পুরোনো প্রশ্নটা আসছে ঘুরেফিরে, বিশ্বকাপেই কেন ভেঙে পড়ে প্রতিভা সমৃদ্ধ আর্জেন্টিনা দল? এত দিন প্রশ্নটা কেবল জাতীয় দলের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকলে এখন যুবাদের ক্ষেত্রেও তা প্রযোজ্য।
পরের পর্বে যাবে মোট ১৬টি দল। ছয়টি গ্রুপের শীর্ষ দুই দল তো যাবেই। বাকি চারটি জায়গায় সুযোগ পাবে ছয় গ্রুপে তৃতীয় হওয়া ছয়টি দলের মধ্যে সেরা চারটি দল। আর্জেন্টিনা পড়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের শীর্ষ দুটো দল ঘানা (৭ পয়েন্ট) ও অস্ট্রিয়া (৫ পয়েন্ট) পরের রাউন্ড নিশ্চিত করেছে। মাত্র ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে তৃতীয় হওয়া ছয় দলের মধ্যে আর্জেন্টিনার অবস্থান পাঁচে।
গ্রুপ পর্বের আরও কিছু ম্যাচ বাকি আছে। কিন্তু চারে উঠে আসার কোনো সুযোগ তাদের নেই। বরং পাঁচ থেকে ছয়ে নেমে যাওয়ার লজ্জার শঙ্কা আছে! অথচ ফিফা আয়োজিত যেকোনো ধরনের টুর্নামেন্টে মাত্রই কদিন আগে ইতিহাসে প্রথমবারের মতো জেতা দল ফিজিও ৩ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন দেখছে। কোথায় ফিজির ফুটবল ঐতিহ্য আর কোথায় আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনা যুবদলকে ফিরতে হচ্ছে বাড়ি!