প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটাকে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই নিজের করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১৭তম ম্যাচ খেলে পর্তুগাল তারকা পেছনে ফেলেছিলেন ফ্রান্সের লিলিয়াম থুরাম ও হল্যান্ডের এডউইন ফন ডার সারকে। এবারের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ইউরোতে ১৯ ম্যাচ খেলেছেন রোনালদো। ১৭ ম্যাচ খেলে দুইয়ে উঠে এসেছেন জার্মানির বাস্তিয়ান শোয়েনস্টাইগার। পরশু ইতালির বিপক্ষে খেলতে নেমে আরেকটি তালিকায় সবার ওপরে মিরোস্লাভ ক্লোসার পাশে নাম লিখিয়েছেন জার্মান মিডফিল্ডার। ইউরো ও বিশ্বকাপের চূড়ান্ত পর্ব মিলিয়ে ৩৭টি ম্যাচ খেলেছেন শোয়েনস্টাইগার ও ক্লোসা। সেমিফাইনালে মাঠে নামলেই সতীর্থকে ছাড়িয়ে যাবেন শোয়েনি। শোয়েনস্টাইগার বিশ্বকাপ খেলেছেন তিনটি, ইউরো চারটি।