বড় খেলোয়াড়দের সম্মান দিতে জানে না বার্সা

বার্সেলোনার সঙ্গে দানি আলভেসের সম্পর্কটা আর উষ্ণ নেই। ছবিটি গত বছর দ্বিতীয়বার বার্সায় যোগ দেওয়ার পরেররয়টার্স ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেভিয়া থেকে যখন ২০০৮ সালে প্রথমবার বার্সেলোনায় যোগ দেন, তখন তিনি ২৫ বছরের তরুণ। এর পরের ৮ বছরে ক্লাব ফুটবলের এমন কোনো শিরোপা নেই, বার্সার হয়ে যেটা জেতা হয়নি দানি আলভেসের। ২০১৬ সালে বার্সেলোনা ছেড়েছিলেন প্রথমবার। এরপর জুভেন্টাস, পিএসজি, সাও পাওলো ঘুরে ২০২১ নভেম্বরে আবার ফিরলেন প্রিয় ক্যাম্প ন্যু-তে। ৭ মাস পর আবার বিদায়।

প্রথমবার বার্সা ছাড়ার পরই প্রিয় ক্লাবটাকে নিয়ে অনেক অভিমানের কথা বলেছিলেন। সেই অভিমান ভুলেই আবার ফিরেছিলেন বন্ধু জাভির ডাকে সাড়া দিয়ে। এবার যখন আবার বিদায় বললেন, বোঝা গেল, বুক থেকে আসলে অভিমানের পাথরটা পুরোপুরি সরেনি।

কিন্তু এই ক্লাবটা (বার্সেলোনা) সাম্প্রতিককালে অনেক জঘন্য কাজ করেছে। যারা এই ক্লাবের হয়ে ইতিহাস গড়েছে, তাদের ওরা পাত্তা দেয় না। সম্মান দেয় না।
দানি আলভেস, বার্সার সাবেক ডিফেন্ডার

অভিমানটা আসলে বার্সার হর্তাকর্তাদের ওপরই, যাঁরা ক্লাবটাকে চালান। পরিচালনা পর্ষদের এই লোকগুলো খেলোয়াড়দের যথাযথ সম্মান দিতে জানে না বলেই মনে করেন আলভেস। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে এ নিয়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে আলভেস বলেছেন, ‘আমি প্রথমবার মন খারাপ করে বার্সা ছাড়িনি। খুশি মনেই ছেড়েছিলাম, যে কারণে আবার ফিরেছি। আমি পাঁচ বছর স্বপ্ন দেখেছি দ্বিতীয়বারের এই ফেরা যাতে আনন্দময় হয়। কিন্তু এবার আমার বিদায়টা যে রকম হলো, সেটা আমার পছন্দ হয়নি।’

বার্সেলোনা থেকে আরও খুশি মনে বিদায় নিতে চেয়েছিলেন জানিয়ে আলভেসের কথা, ‘আমি ফেরার পরই বলে দিয়েছিলাম, এখন আর আমি ২০ বছরের ছেলে নই। আমার কাছে কী চাইতে পারে, আমি কী করতে পারব—এসব পরিষ্কার করেই বলেছিলাম। কিছুই লুকাইনি। কিন্তু এই ক্লাবটা সাম্প্রতিককালে অনেক জঘন্য কাজ করেছে। যারা এই ক্লাবের হয়ে ইতিহাস গড়েছে, তাদের ওরা পাত্তা দেয় না। সম্মান দেয় না।’

গার্দিওলার সর্ববিজয়ী দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন দানি আলভেস
ফাইল ছবি

বার্সার হয়ে সব মিলিয়ে ২৬টি ট্রফি জেতা আলভেস মনে করেন, এভাবে চলতে থাকলে বার্সা আর হারানো সাফল্যের দিনগুলো কখনো ফিরে পাবে না, ‘আমি চাই, বার্সা আবার শীর্ষে ফিরুক, সেরা ক্লাব হোক। কিন্তু এখানে সবকিছু অনেক জটিল হয়ে গেছে এখন। ফুটবলে সবকিছুর ভারসাম্য থাকতে হয়। এই ক্লাবে সেই ভারসাম্য নষ্ট হয়ে গেছে।’