প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৭ সালের পর কোপা আমেরিকায় সবচেয়ে বড় জয়টি তুলে নিয়েই ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় কাল সকালে আর্জেন্টিনা ৬-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। এই প্যারাগুয়েই ২০০৭ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ০-৬ গোলে হেরেছিল মেক্সিকোর কাছে। ওই আসরেই আরেক কোয়ার্টার ফাইনালে চিলিকে ৬-১ গোলে হারায় ব্রাজিল। কালকের আর্জেন্টিনার জয়টি কোপার সেমিফাইনাল ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম জয়। ১৯৯৭ সালে সেমিফাইনালে পেরুকে ৭-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। সব মিলিয়ে কোপায় সবচেয়ে বড় দুটি জয়ই আর্জেন্টিনার। ১৯৪২ সালে ইকুয়েডরকে ১২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টাইনরা। ওই বছর লিগ পদ্ধতিতে খেলে সাতটি দল। এরপর ১৯৭৫ সালের প্রথম রাউন্ডে ভেনেজুয়েলাকে ১১-০ গোলে হারায় আর্জেন্টিনা। তৃতীয় বড় জয়টি ব্রাজিলের, ১৯৪৯ সালে বলিভিয়ার বিপক্ষে ১০-১ গোলে জেতে সেলেসাওরা।