বড় জয় প্রত্যাশা করে না অস্ট্রেলিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে বাংলাদেশ দল। ছবি: বাফুফের সৌজন্যে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে বাংলাদেশ দল। ছবি: বাফুফের সৌজন্যে।

বাংলাদেশের বিপক্ষে বড় জয় প্রত্যাশা করে না অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ফুটবলপ্রেমীদের এ ব্যাপারে প্রত্যাশার ফানুস ছড়াতে নিষেধ করেছেন ‘সকারু’দের রক্ষণসেনা ম্যাথিউ স্পিয়ারানোভিচ। তিনি সোজা-সাপটাই জানিয়েছেন বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ‘বিশাল ব্যবধানে’ জয়ের কথা ভাবছে না অস্ট্রেলীয় দল। তিনি বলেছেন, ‘ফুটবলপ্রেমীরা যেন বাংলাদেশ ম্যাচে ক্রিকেটের “স্কোর” প্রত্যাশা না করেন।
বাংলাদেশকে ‘ক্রিকেটের দেশ’ হিসেবেই চেনে, জানে অস্ট্রেলীয়রা। ক্রিকেটে সেই ১৯৯০ সাল থেকে অনেকবারই বাংলাদেশের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। ২০০৫ সালে তো হারের মুখও দেখতে হয়েছে অস্ট্রেলিয়াকে। কিন্তু ফুটবলে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ একেবারেই নতুন এক প্রতিপক্ষ। ফিফা র‍্যাঙ্কিং বিবেচনায় অস্ট্রেলিয়ার চেয়ে যোজন যোজন ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের বিপক্ষে বড়সড় একটা জয়ই প্রত্যাশিত তাদের কাছে। বাংলাদেশ ফুটবল দলের জন্যও বড় চ্যালেঞ্জ এই ম্যাচে যেকোনো মূল্যে নিজেদের মান সম্মান বজায়।
অস্ট্রেলিয়া অবশ্য এই ম্যাচের আগে নিজেদের পা মাটিতেই রাখতে চায়। এবারের বিশ্বকাপ বাছাইপর্বেই কিরগিজস্তানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে যে ধরনের প্রতিরোধের সম্মুখীন তাদের হতে হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশের বিপক্ষে নিজেদের খেলাটা খেলার দিকেই মনোযোগী তারা। স্পিয়ারানোভিচের মতে, ‘স্কোরলাইনের দিকে অতিরিক্ত মনোযোগী না হয়ে আমাদের উচিত বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরা খেলাটা খেলার প্রতি গুরুত্ব দেওয়া। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলেই প্রত্যাশিত ফল এমনিতেই আমাদের হাতে ধরা দেবে।’
কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচের অভিজ্ঞতা থেকে স্পিয়ারানোভিচের উপলব্ধি বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা তাদের জন্য ফুলশয্যা হবে না, ‘কিরগিজস্তান কিংবা বাংলাদেশের মতো দলগুলো মাঠে প্রতিরোধ তৈরি করতে পারে। র‍্যাঙ্কিংয়ের যে দলের সঙ্গে আপনার ব্যবধান অনেক, সে দলের বিপক্ষে অনেক বড় কিছুরই প্রত্যাশা থাকতে পারে। কিন্তু কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচের অভিজ্ঞতা হচ্ছে, ব্যাপারটা এতটা সহজ নয়। আন্তর্জাতিক ফুটবল যথেষ্ট কঠিন। বাংলাদেশও এই ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দেওয়ারই চেষ্টা করবে। বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই আসে না।’
বাংলাদেশ সম্পর্কে খুব একটা জানেন না স্পিয়ারানোভিচ। এশীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের উপস্থিতি তেমন একটা না থাকার কারণে বাংলাদেশকে ‘অজানা প্রতিপক্ষ’ মনে করেই সমীহটা করছে অস্ট্রেলিয়া, ‘বাংলাদেশ সম্পর্কে খুব বেশি কিছু জানি না। তবে তাদের খেলার বেশ কিছু ভিডিও ফুটেজ আমাদের সংগ্রহে আছে। বাংলাদেশের সর্বশেষ কয়েকটি ম্যাচের ভিডিও দেখে দলটাকে খুব একটা খারাপ মনে হয়নি। তবে এটা ভুলে গেলে চলবে না ডাচ কোচের অধীনে তারাও অস্ট্রেলিয়াকে নিয়ে যথেষ্ট গবেষণা চালাবে।’
দুই দলই একে অন্যকে নিয়ে গবেষণা চালাবে। কিন্তু একটি ব্যাপার এই ম্যাচে বাংলাদেশকে নির্ভার রাখবে দারুণভাবেই। এদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এই উপলক্ষে হারানোর যে কিছুই নেই মামুনুল-বাহিনীর। সূত্র: ফক্স স্পোর্টস।