কনকনে শীত এবং থিম্পুর উচ্চতা কোনোটাই বাধা হয়ে দাঁড়ায়নি শেখ জামালের সামনে। ভুটানের কিংস কাপে নিজেদের প্রথম ম্যাচটা সহজেই পেরিয়ে গেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। স্বাগতিক হওয়ার সুবিধা তেমন নিতে পারেনি দ্রুক ইউনাইটেড। শেখ জামালের জয়তৃষ্ণার কাছে ভুটানের লিগ চ্যাম্পিয়ন দলটি হেরেছে ৩ গোলে।
প্রথম দুটি গোল দুই বিদেশির। গত মৌসুমে ফেনী সকারের জার্সি গায়ে খেলা গাম্বিয়ান ফরোয়ার্ড ল্যান্ডিং প্রথম গোলটা এনে দেন ১৭ মিনিটে। এই গোল নিয়েই বিরতিতে যাওয়া শেখ জামাল দ্বিতীয়ার্ধে একটু পথ হারিয়ে ফেলে। তবে ছন্দে ফিরে ২ গোল করেছে। ৭০ মিনিটে ওয়েডসন ও ৯০ মিনিটে রুবেল মিয়ার গোল সহজেই এনে দিয়েছে ৩ পয়েন্ট।
থিম্পুতে ফোন করে জানা গেল, প্রথম ম্যাচে জয় তুলে শেখ জামাল বেশ উৎফুল্ল। ম্যাচের আগে কোচ মারুফুল হক একটু চিন্তায়ই ছিলেন থিম্পুর ঠান্ডায় দল কতটা ভালো খেলতে পারে এই ভেবে। তবে ম্যাচ শেষে তিনি খুশিই। প্রতিপক্ষ ‘ছোট’ দল হলেও ৩ গোলে জয় যেকোনো দলের জন্যই একটা টনিক।
২৩ নভেম্বর দ্বিতীয় ম্যাচ থাইল্যান্ডের নাখন রাচাসিংয়ের সঙ্গে, সেমিফাইনালে উঠতে ওই ম্যাচেই আসল পরীক্ষা শেখ জামালের। এরপর ২৭ নভেম্বর মোহনবাগান ম্যাচ। এটি শেখ জামালের জন্য একরকম মর্যাদার লড়াই-ই। তাতে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী কোচ মারুফ।
এ জন্য অবশ্য মাঠের প্রস্তুতির সঙ্গে মাঠের বাইরেও বাড়তি কিছু প্রস্তুতি নিতে হচ্ছে শেখ জামালকে। ঢাকা ছাড়ার সময় তো তাদের জানা ছিল না থিম্পুতে ১০ ডিগ্রির নিচে নেমে আসা হাড় কাঁপানো শীত, যাওয়ার পর শীতের ‘আক্রমণ’ থেকে বাঁচতে এখন ঢাকা থেকে ৩০টি জ্যাকেট কিনে পাঠানো হচ্ছে। কর্মকর্তা আবদুল গাফফার জানালেন, আজ জ্যাকেট কেনা হবে।
আজ নামছে আবাহনী: কিংস কাপে আবাহনীর প্রথম ম্যাচ আজ। আসাম ইলেকট্রিসিটির সঙ্গে ম্যাচটা শুরু বাংলাদেশ সময় বেলা ৩টায়। আবাহনীর এই দলটা নতুন, সেই নতুনের শক্তিতে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার প্রত্যয় জানালেন কোচ অমলেশ সেন।
২৫ নভেম্বর আবাহনী চতুর্থ ও শেষ গ্রুপ ম্যাচের প্রতিপক্ষ ছিল থাইল্যান্ডের ওসোতপা। কিন্তু দলটি নাম প্রত্যাহার করায় শূন্যস্থান পূরণ করেছে ভারতের পুনে এফসি। শেষ ম্যাচে এই পুনের সঙ্গেই খেলবে আবাহনী।