বড় জয়ের পরও আফসোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা প্রত্যাশিতই ছিল। তারপরও নিজেদের মাঠে অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবলে শুভসূচনা করার আনন্দটা তো ছুঁয়ে যাবেই। ম্যাচ শেষে সেই আনন্দের প্রকাশে জাতীয় পতাকাকেও সঙ্গী করে নিল বাংলাদেশের তরুণ ফুটবলাররা l আনিস মাহমুদ
শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা প্রত্যাশিতই ছিল। তারপরও নিজেদের মাঠে অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবলে শুভসূচনা করার আনন্দটা তো ছুঁয়ে যাবেই। ম্যাচ শেষে সেই আনন্দের প্রকাশে জাতীয় পতাকাকেও সঙ্গী করে নিল বাংলাদেশের তরুণ ফুটবলাররা l আনিস মাহমুদ

বড় জয় পেয়েও কিছুটা অতৃপ্ত বাংলাদেশ! ব্যবধানটা ৪-০ না হয়ে ১০-০ হতে পারত! অনেক সুযোগ নষ্ট করলেও কাল হাজার তেরো দর্শকের সামনে দারুণ নৈপুণ্য দেখাল বাংলাদেশের যুবারা। খেলা শেষে তাই দর্শকদের বাড়ি ফেরাটা রীতিমতো আনন্দ মিছিলেই রূপ নিল।
এই জয় সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের সেমিফাইনালের টিকিট এনে দিয়েছে বাংলাদেশের হাতে। আগামীকাল ভারতের সঙ্গে শেষ গ্রুপ ম্যাচ। যে ম্যাচই নির্ধারণ করে দেবে গ্রুপ চ্যাম্পিয়নশিপ। শ্রীলঙ্কাকে ভারত হারিয়েছে ৫-০ গোলে। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হতে ভারতের বিপক্ষে জিততেই হবে স্বাগতিক দলকে।
সেটি কঠিন মনে করার কারণ নেই। কাল নিজেদের প্রথম ম্যাচে যেভাবে খেলেছে বাংলাদেশ দল, তাতে আশাবাদী হওয়াই যায়। শ্রীলঙ্কাকে তো দাঁড়াতেই দেয়নি স্বাগতিকেরা, তাদের দাপটে লঙ্কানরা বাংলাদেশের গোলবারে আক্রমণ দূরের কথা, মাঝমাঠ পর্যন্ত বল নিতে পেরেছে কমই। তবে এও সত্য, পুরো ম্যাচে বাংলাদেশ প্রাধান্য ধরে রাখলেও গোলমুখে গিয়ে বারবারই খেলোয়াড়েরা খেই হারিয়ে ফেলছিল।
কিন্তু আক্রমণে ছেদ পড়েনি কখনো। টানা আক্রমণে বাংলাদেশের খেলোয়াড়েরা প্রতিপক্ষকে কাঁপিয়ে দিচ্ছিল। শ্রীলঙ্কার প্রায় ১১ জনই ডি-বক্সে বল ঠেকাতেই বেশি ব্যস্ত হয়ে পড়ল। তাতেও শেষ রক্ষা হলো না। দুই ম্যাচে নয় গোল হজম—যুব সাফ ফুটবল থেকে খালি হাতেই বিদায় নিয়েছে জয়হীন শ্রীলঙ্কা।
ম্যাচের পঞ্চম মিনিটে ১-০ করে ফেলল বাংলাদেশ। শ্রীলঙ্কার জালে বল পাঠাল সারওয়ার জামান। তবে দ্বিতীয় গোলটি পেতে অপেক্ষা করতে হয়েছে ৬১ মিনিট পর্যন্ত, ২-০ করল আবেদীন রাকিব। ৭৭ মিনিটে আতিকুজ্জামান ৩-০ করে। শুরুর মতো শেষটাও হলো সারওয়ার জামানের গোলে। ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করে এই তরুণ।
সহজ জয়। স্বাভাবিকভাবে বাংলাদেশ দলের কোচ গোলাম জিলানি এবং অধিনায়ক শাওন খুশি। দুজনেই অভিন্ন কণ্ঠে আগামীকাল ভারতের সঙ্গে শেষ গ্রুপে ম্যাচে জয়ের কথাই বললেন। জিলানির কথা, ‘ছেলেরা কিছু সহজ সুযোগ মিস না করলে আরও অনেক গোল পেত। তবে তাতে আমাদের মন খারাপের কিছু নেই। আমাদের দৃষ্টি এখন পরবর্তী ম্যাচের দিকে। ভারতের সঙ্গে সে ম্যাচেও জয় পেতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’
অধিনায়ক শাওনকে অবশ্য একটু অতৃপ্তই লাগল, ‘কিছু ভুলের কারণে গোলের ব্যবধান বাড়েনি। পরের ম্যাচে ভুল শুধরে খেলব আমরা। ভারতকে ভয় পাওয়ার কিছু নেই। ওরা নিঃসন্দেহে ভালো দল, তবে ওদের হারানোর ক্ষমতা আছে আমাদের।’
কোচ ও অধিনায়ক দুজনই সিলেট স্টেডিয়ামে বিপুল দর্শক উপস্থিতির প্রশংসা করলেন। সিলেটবাসীর এই ভালোবাসার প্রতিদান দিতেই বাংলাদেশ দলকে তাঁরা ফাইনালে নিয়ে যেতে চান। ফুটবলপ্রেমীরা তাই আশার বেলুন ফোলাতেই পারেন।