একটু সহজ প্রতিপক্ষের সঙ্গে আবদুল কাইয়ুম সেন্টুর কোচিং-দর্শন শুধুই আক্রমণ। মুক্তিযোদ্ধার এই কোচ কাল তিনজন ডিফেন্ডারকে খেলিয়ে মাঝমাঠে রাখলেন পাঁচজনকে। ভালো ফলই পেলেন। আরামবাগকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে মুক্তিযোদ্ধা কোচ মুখে ধরে রাখলেন চওড়া হাসি।
ফেডারেশন কাপে রানার্সআপ হওয়া সেই আরামবাগকে লিগে ঠিক চেনা যাচ্ছে না। পথ হারিয়ে ফেলেছে কিছুটা। লড়াকু মেজাজটা নেই। শক্তি কমে যাওয়াই এর বড় কারণ। নির্ভরযোগ্য ডিফেন্ডার ইসা ইউসুফ টানা ১২ ম্যাচ পর লাল কার্ডের কারণে কালই প্রথম খেলতে পারলেন না। সুযোগটা মুক্তিযোদ্ধা নিয়েছে ভালোভাবেই। তবে প্রথম গোলটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে গোলের জন্য দায়ী আরামবাগের ডিফেন্ডার শরিফুল ইসলাম সজীব। অহেতুক বক্সে হাত দিয়ে বল আটকান, ৩৫ মিনিটে উপহার হিসেবে পাওয়া পেনাল্টিতে ১-০ করেন ছন্দে থাকা মুক্তিযোদ্ধার নাইজেরিয়ান স্ট্রাইকার মুসা। ৮০ মিনিটে সেই মুসাই করলেন ২-০। ৮৫ মিনিটে তৃতীয় গোলটি জাবেদ খানের।
আরামবাগের জন্য ‘ব্যাড ডে’ আর মুক্তিযোদ্ধার কাছে এটি হলো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার। দুই দলের কোচের কথায়ও সেটাই বেরিয়ে এল। মুক্তিযোদ্ধার কোচ সেন্টুর আশা, ‘আমরা এবার বড় কিছু করব মাঠে।’ আরামবাগের সাইফুল বারী টিটু ব্যক্ত করলেন ঘুরে দাঁড়ানোর প্রত্যয়, ‘এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে সামনে এগোব আমরা।’
দিনের প্রথম ম্যাচটি অবশ্য একতরফা হয়নি। যোগ করা চার মিনিট সময়ের একেবারে শেষ মুহূর্তে বিজেএমসির বিপক্ষে ব্রাদার্সের সমতাসূচক গোলটি নাটকীয়তায় সব মাত্রাই ছাড়িয়ে গেছে। রনির ক্রসে এনকোচা কিংসলের হেড জালে জড়াতেই আনন্দে মাতল ব্রাদার্স। ডাগআউটে যেন পারলে সবাই মিলে উৎসব করেন!
এর আগে ১৪ মিনিটে মুকুল এগিয়ে নিয়েছিলেন বিজেএমসিকে। গোলটা একরকম উপহারই পাওয়া। ব্রাদার্সের গোলরক্ষক উত্তম বড়ুয়াকে ব্যাক পাস দিয়েছিলেন ডিফেন্ডার মিঠু। উত্তম একটু এগিয়ে থাকায় বলটা পাননি, তাঁর পাশ দিয়েই সেই বল যাচ্ছিল জালের দিকে। বাকি কাজটা শেষ করে ব্রাদার্সকে কিছুটা হতাশার মধ্যে ঠেলে দেন মুকুল।
সেই হতাশা থেকে শেষ পর্যন্ত বেরিয়ে এসে ব্রাদার্স কোচ বালগোপাল মহারজন স্বস্তিই পেলেন। প্রথম দুটি ম্যাচেই পিছিয়ে থেকে ড্র করার মধ্যে তাঁর দলের লড়াকু মানসিকতারই পরিচয় মিলছে। কিন্তু জেতার মতো ফুটবল আসলে খেলতে পারছে না ব্রাদার্স। তাই বালগোপালের মনটা একটু খারাপই, ‘আমি আসলে একটু মানসিক কষ্টের মধ্যে আছি। ছেলেরা লড়াই করে পয়েন্ট আনছে। কিন্তু আমি চাই জয়।’
লিগের দ্বিতীয় রাউন্ড শেষ হলো কাল। আজ বিরতি, আগামীকাল শুরু তৃতীয় রাউন্ড।