বড় পুরস্কারই পেল শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এফসি আলগার বিপক্ষে ছুটছেন শেখ জামালের ইয়াসিন খান। ছবি এএফসির সৌজন্যে
এফসি আলগার বিপক্ষে ছুটছেন শেখ জামালের ইয়াসিন খান। ছবি এএফসির সৌজন্যে

সমীকরণটা ছিল এমন, এএফসি কাপের প্রাক-বাছাইয়ে বিশকেকে আজ কিরগিজস্তানের দল এফসি আলগার বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি কাপের বাছাইপর্বের টিকিট পাবে শেখ জামাল ধানমন্ডি। তা-ই হলো। এফসি আলগার বিপক্ষে ১-১ ড্রয়ে শেখ জামাল পা রাখল এএফসি কাপের বাছাইপর্বে।
প্রথম ম্যাচে ম্যাকাওয়ের কাসা বেনফিকা ৪-১ গোলে উড়িয়ে দেওয়া আত্মবিশ্বাসী শেখ জামাল অবশ্য ম্যাচটা জিততেই চেয়েছিল। তবে নিজেদের কন্ডিশনে এফসি আলগাও যথেষ্ট সমীহ জাগানো দল। ৭৮ মিনিট পর্যন্ত ম্যাচে পিছিয়ে ছিল বাংলাদেশের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ২২ মিনিটে আলগাকে এগিয়ে নেন মিডফিল্ডার আমিরভ ইলদার। ৭৮ মিনিটে দলকে সমতায় আনেন শেখ জামালের ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন। এরপর স্কোরলাইনে আর কোনো পরিবর্তন আসেনি।
দেশসেরা ক্লাবের এ সাফল্যে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গত বছর কলকাতার আইএফএ শিল্ডে নজরকাড়া নৈপুণ্য, ​এ বছর ভুটানের কিংস কাপ জয়ের পর এএফসি কাপের প্রাক-বাছাইয়ের বৈতরণি পার—শেখ জামাল ভাসছে সাফল্যের ভেলায়।