
প্রথম লেগের কথা ভাবলে হয়তো পাওলো দিবালার নামটিই প্রথমে মনে আসবে বার্সেলোনার। দুই গোল করে জুভেন্টাসের জয়ের নায়ক ছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ডই। তবে আরেকটি নামও কি মনে পড়বে না? জিয়ানলুইজি বুফন। বয়সকে নিছকই একটা সংখ্যা বানিয়ে রেখে এখনো কী দাপুটে ৩৯ বছরের ‘তরুণ’ জুভেন্টাস গোলকিপার! প্রথম লেগে দুর্দান্ত কয়েকটি সেভ করে বার্সাকে ‘অ্যাওয়ে’ গোল পেতে দেননি। সর্বশেষ চার ম্যাচেই নিজের জাল অক্ষত রেখেছেন, আজ তাঁকে পেরিয়েই অন্তত তিন-তিনটি গোল করতে হবে বার্সাকে! সম্ভব?
সেটিকে সম্ভব করার জন্য বার্সেলোনার হাজারো প্রেরণা থাকতে পারে। তবে ‘জিজি’র আছে একটা ব্যক্তিগত প্রেরণা—ইতালির হয়ে বিশ্বকাপ জিতে ফেললেও এখনো এই চ্যাম্পিয়নস লিগটাই হাতে ওঠেনি জুভ অধিনায়কের। আজ বার্সেলোনার কাছে ভীতিকর হয়ে উঠছে বুফনকে নিয়ে নিচের চারটি তথ্যও—

—ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যেতে বার্সেলোনাকে জিততে হবে ৩-০ ব্যবধানে, উয়েফা টুর্নামেন্টে যে ব্যবধানে বুফনের কোনো দল হেরেছে মাত্র একবার (ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জুভেন্টাস, ২০০২-০৩ চ্যাম্পিয়নস লিগ, দ্বিতীয় গ্রুপ পর্ব)।
—ইউরোপিয়ান টুর্নামেন্টে মাত্র দুবার বুফনকে ফাঁকি দিয়ে চার গোল দিতে পেরেছে কোনো দল, দুবারই দলটা ছিল বায়ার্ন মিউনিখ। এর মধ্যে ৯০ মিনিটে বুফন চার গোল খেয়েছেন মাত্র একবার। (২০১৫-১৬ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে অতিরিক্ত সময়ের পর জুভেন্টাস হেরেছিল ৪-২ গোলে, আর ২০০৯-১০ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ৪-১ গোলে)।
—বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগে ইউরোপে ৬১তম বারের মতো জালে বল ঢুকতে দেননি বুফন (খেলেছেন ১৪৭ ম্যাচ)। ম্যাচে চার গোল খেয়েছেন ২ বার, তিন গোল ৬ বার, দুই গোল ৩০ বার, এক গোল খেয়েছেন ৪৮ বার।
—জুভেন্টাসের হয়ে প্রথম লেগে জেতার পর কখনো ইউরোপিয়ান টুর্নামেন্টে নকআউট পর্বে বাদ পড়ার অভিজ্ঞতা হয়নি বুফনের। যে একবার এই অভিজ্ঞতা হয়েছিল, সেটি পারমার পক্ষে উয়েফা কাপের চতুর্থ রাউন্ডে। এটি সেই ১৯৯৯-২০০০ মৌসুমে।
তথ্যসূত্র: উয়েফাডটকম।