বড় শাস্তিই হচ্ছে প্লাতিনির?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিশেল প্লাতিনির ভাগ্য তাহলে নির্ধারণ করেই ফেলেছে ফিফার নৈতিকতা কমিটি! কমিটির মুখপাত্র আন্দ্রেয়াস বান্টেলের কথা শুনলে অন্তত তাই মনে হয়। পরশু ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ-এর কাছে বোমাই ফাটিয়েছেন বান্টেল, ‘নিশ্চিতভাবেই প্লাতিনি কয়েক বছরের জন্য বহিষ্কৃত হতে যাচ্ছেন।’
একই দিনে আন্তর্জাতিক ক্রীড়া আদালত থেকেও দুঃসংবাদ শুনেছেন ফরাসি ফুটবল কিংবদন্তি। ফিফা নৈতিকতা কমিটির দেওয়া ৯০ দিনের সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্লাতিনির করা আপিল খারিজ করে দেন ক্রীড়া আদালত। ফিফার সভাপতি পদে সেপ ব্ল্যাটারের উত্তরসূরি হতে প্লাতিনির পরিকল্পনা জোরেশোরেই ধাক্কা খেয়েছে এতে।
প্লাতিনির আইনজীবীরা অবশ্য খেপেছেন বান্টেলের বেফাঁস কথায়। চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত হওয়ার আগে কাউকে যে শাস্তি দেওয়ার ঘোষণা দেওয়া যায় না সেটি মনে করিয়ে দিয়েছেন তাঁরা, ‘আমরা আন্দ্রেয়াস বান্টেলের মন্তব্যে প্রচণ্ড ক্ষুব্ধ ও হতাশ। এতে ফিফার নৈতিকতা কমিটির রাজনৈতিক দুরভিসন্ধি প্রকাশ পেয়েছে। ১৮ ডিসেম্বরের শুনানির আর প্রয়োজনটা কী!’
১৮ ডিসেম্বর জুরিখে নৈতিকতা কমিটির মুখোমুখি হওয়ার কথা প্লাতিনির। এএফপি।