বড় স্বপ্নের জ্বালানি 'ছোট' মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ মৌসুমে ভাঙাচোরা আবাহনী দল নিয়ে এএফসি কাপে ইতিহাস গড়েছিলেন পর্তুগিজ কোচ মারিও লেমোস। এবারের এএফসি কাপেও আবাহনীর বড় স্বপ্নের জ্বালানি ছোটখাটো গড়নের এ মানুষটি।
আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস। প্রথম আলো ফাইল ছবি
আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস। প্রথম আলো ফাইল ছবি

তাঁকে দেখলে আর যা-ই হোক ফুটবল কোচ বলে মনে হয় না। অন্য বিদেশি কোচের মতো দীর্ঘদেহী নন, উচ্চতা সাকল্যে ৫ ফুট ৪ ইঞ্চি। বয়স মাত্র ৩৩। তিনি আবাহনী লিমিটেডের পর্তুগিজ কোচ মারিও লেমোস। শেষ মৌসুমে ভাঙাচোরা আবাহনী দলকে নিয়ে এএফসি কাপে ইতিহাস গড়া সেনাপতি। এবারের এএফসি কাপেও আবাহনীর স্বপ্নের বড় জ্বালানি ছোটখাটো গড়নের এই মানুষটি।

লিগ চ্যাম্পিয়ন না হতে পারায় এবার আবাহনীকে এএফসি কাপ শুরু করতে হবে টুর্নামেন্টের প্লে–অফ পর্ব থেকে। প্লে–অফ খেলার সুযোগ এসেছে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়ায়। ৫ ফেব্রুয়ারি ঢাকায় মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে শুরু হবে প্রথম পরীক্ষা। ফিরতি পর্বের ম্যাচটি মালেতে ১২ ফেব্রুয়ারি। দুই পর্বের ম্যাচের জয়ী দলকে অপেক্ষা করতে হবে আরেক প্লে-অফে খেলা ভারতের বেঙ্গালুরু এএফসি ও ভুটানের পারো এফসির মধ্যকার জয়ী দলটির জন্য। অর্থাৎ আবাহনী, মাজিয়া, বেঙ্গালুরু ও পারোর মধ্যকার একটি দল পাবে এএফসি কাপের টিকিট। লিগ চ্যাম্পিয়ন দল হিসেবে দক্ষিণ এশিয়ান অঞ্চল গ্রুপ ‘ই’তে চলে গেছে বসুন্ধরা কিংস। অন্য দুটি দল ভারতের আই লিগের দল চেন্নাই সিটি ও মালদ্বীপের টিসি স্পোর্টস।

মাজিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বুধবার শুরু হচ্ছে আবাহনীর পরীক্ষা। তিন বছর আগে এএফসি কাপে মাজিয়ার মুখোমুখি হয়েছিল আবাহনী। সেবার হোম ও অ্যাওয়ে দুটি ম্যাচেই হেরেছিল বাংলাদেশের ছয়বারের লিগ চ্যাম্পিয়নরা। তবে গত মৌসুমে মারিও দায়িত্ব নেওয়ার পরই বদলে যায় আবাহনী। ইতিহাসে প্রথমবারের মতো এএফসি কাপের সেমিফাইনাল খেলে আকাশি-নীলরা। এবারও এই টুর্নামেন্টে আবাহনীকে অনেক দূর নিয়ে যেতে চান লেমোস। তবে আপাতত তাঁর লক্ষ্য বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম ম্যাচ জয়ের, ‘আমরা গ্রুপ পর্ব পার হতে চাই। তবে এর জন্য ম্যাচ ধরে ধরে এগোতে চাই।’

গত বছর আবাহনী নিজের মাঠ ও প্রতিপক্ষের মাঠ মিলিয়ে খেলেছে ৮টি ম্যাচ। ঘরের মাঠে কখনোই হারেনি। ওই আত্মবিশ্বাসই আবাহনীকে আশা দিচ্ছে মাজিয়ার বিপক্ষে জয়ের, ‘গত মৌসুমে ঢাকায় আমরা একটা ম্যাচও হারিনি। এটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। তা ছাড়া আমাদের জন্য সুসংবাদ, দলে কেউ চোটে নেই।’ বলেন লেমোস।

প্রতিপক্ষ হিসেবে মাজিয়াকে যথেষ্ট সমীহ আবাহনী কোচের, ‘মাজিয়া মালদ্বীপের চ্যাম্পিয়ন দল। ওদের দুজন সেন্টার ব্যাক ও একজন গোলকিপার বিদেশি। ওরাই হয়তো পার্থক্য গড়ে দিতে পারে। তবে এএফসি কাপ একেবারে আলাদা একটা প্রতিযোগিতা। গতবার আমরা সেমিফাইনালে খেলেছি। এটা আমাদের অনেক আত্মবিশ্বাস জোগাচ্ছে। অনেক অভিজ্ঞতা হয়েছে আমাদের। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে জেতার একটা বড় সুযোগ থাকবে আমাদের সামনেও।’