বড় হচ্ছে বিশ্বকাপ

২১০টি দলকে নিয়ে শুরু হয় যে টুর্নামেন্টের বাছাইপর্ব, সেটা তো আসলেই ‘বিশ্ব’কাপ। যদিও অনেক কাঠখড় পুড়িয়ে চূড়ান্ত আসরে জায়গা করে নেয় মাত্র ৩২ দল। চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া কখনো কখনো যেন ট্রফিটাই জিতে নেওয়ার আনন্দ এনে দেয়। শেষ মুহূর্তে বাদ পড়া দলগুলোর চোখে থাকে অথই জল। এদিক দিয়ে ভাবলে ফিফা একটা সুখবর দিল। ২০২৬ সালের আসর থেকে বিশ্বকাপ হবে ৪৮ দলের।
এক ধাক্কাতেই দলের সংখ্যা বাড়ল ১৬টি! সমালোচকেরা বলছেন, এতে মান কমবে খেলার। বেশির ভাগ ম্যাচেই টানটান উত্তেজনা থাকবে না। ফিফার এই সিদ্ধান্ত যতটা না ফুটবলকে ছড়িয়ে দেওয়ার, তার চেয়েও বেশি অর্থকড়ির—এমন সমালোচনাও হচ্ছে। পক্ষে-বিপক্ষে চলা যুক্তিতর্কের মধ্যেই কাল জুরিখে ফিফার সভায় সর্বসম্মতিক্রমে পাস হয়েছে এই সিদ্ধান্ত।
১৯৯৮ বিশ্বকাপ থেকে ২৪ দলের বিশ্বকাপ ৩২ দলের হয়েছে। পরের দুটি আসরও হবে ৩২ দলের। নতুন ফরম্যাটে ফিফার কোন অঞ্চল থেকে কয়টি দল খেলতে পারবে, তা নিশ্চিত হবে আগামী মে মাসে। তবে এশিয়ার আটটি দল থাকতে পারে বলে শোনা যাচ্ছে। বর্তমান ফরম্যাটে এশিয়া থেকে সরাসরি সর্বোচ্চ পাঁচটি (চারটি সরাসরি) দল চূড়ান্ত পর্বে খেলতে পারে।
নতুন ফরম্যাটে বিশ্বকাপের প্রাথমিক পর্বে গ্রুপের সংখ্যা হবে ১৬। তিন দলের গ্রুপে প্রতিটি দলের দুটি করে ম্যাচ। গ্রুপসেরা দুটি দল উঠবে নকআউট পর্বে। যার মানে, বর্তমানে ১৬ দলের দ্বিতীয় রাউন্ড তখন হবে ৩২ দলের। মোট ম্যাচসংখ্যা ৬৪ থেকে বেড়ে হবে ৮০। তবে বিশ্বকাপের দৈর্ঘ্য ৩২ দিনই থাকবে। বর্তমান ফরম্যাটের মতোই একটি দল সর্বোচ্চ সাতটি করে ম্যাচ খেলতে পারবে।
ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর আমলে এখন পর্যন্ত সবচেয়ে বড় সিদ্ধান্ত এটিই। ইনফান্তিনোর নির্বাচনী ইশতেহারেও সবচেয়ে গুরুত্ব পেয়েছিল এই বিষয়টি। অবশ্য দুর্নীতির দায় নিয়ে সরে যাওয়া সাবেক ফিফাপ্রধান সেপ ব্ল্যাটার আর উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনিও বিশ্বকাপে দল বাড়ানোর কথা বলেছিলেন।
ফিফা বলছে, এই সিদ্ধান্ত ঐতিহাসিক। এতে আরও বেশি দল বিশ্বকাপে খেলার স্বাদ পাবে। ফুটবলের উন্নয়ন ও ছড়িয়ে যাওয়ার জন্য যেটি বড় ভূমিকা রাখবে।
এই সিদ্ধান্তে ইনফান্তিনো তাঁর ভোটারের প্রভাবক অংশকে খুশি করতে পারলেন। একটুর জন্য বিশ্বকাপে জায়গা না পাওয়া দলগুলোর সম্ভাবনা অনেক বেড়ে গেল। বড় অঙ্কের আর্থিক লাভের হাতছানিও আছে এতে। ২০১৮ বিশ্বকাপ থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫৫০ কোটি ডলার। ২০২৬ বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ায় সম্প্রচার, স্পনসর ও টিকিট বিক্রি থেকে ফিফার আয় আরও ১০০ কোটি ডলার বাড়বে।
যেসব পরিবর্তন আসছে
চারের বদলে একেকটি গ্রুপ হবে তিন দলের
৮ থেকে বেড়ে গ্রুপের সংখ্যা হবে ১৬
গ্রুপ পর্বে দুটি করে ম্যাচ প্রতি দলের। গ্রুপসেরা দুটি দল নকআউট পর্বে
৩২ দলকে নিয়ে প্রথম নকআউট পর্ব, এখন যেটি হয় ১৬ দলের
ম্যাচসংখ্যা ৬৪ থেকে বেড়ে হচ্ছে ৮০। তবে বিশ্বকাপের দৈর্ঘ্য ৩২ দিনই থাকবে
বর্তমান ফরম্যাটের মতোই একটি দল সর্বোচ্চ সাতটি করে ম্যাচ পাবে