বড়দের চ্যাম্পিয়নরা ছোটদের টুর্নামেন্টে পারে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনূর্ধ্ব ১৮ ফুটবলে আবাহনীকে হারিয়ে ফরাশগঞ্জের ফুটবলারদের উল্লাস। ছবি প্রথম আলো
অনূর্ধ্ব ১৮ ফুটবলে আবাহনীকে হারিয়ে ফরাশগঞ্জের ফুটবলারদের উল্লাস। ছবি প্রথম আলো
>
  • প্রিমিয়ার লিগে আবাহনী চ্যাম্পিয়ন, আর ফরাশগঞ্জের হয়েছে অবনমন
  • অনূর্ধ্ব ১৮ ফুটবলে ফরাশগঞ্জের কাছে ১-০ গোলে হেরেছে আবাহনী

প্রিমিয়ার লিগের টানা দুবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। দেশের ফুটবল পেশাদার জগতে পা রাখার পর দশ আসরের মধ্যে ছয় আসরের চ্যাম্পিয়ন তারা। বড়দের ফুটবলে তাদের একচ্ছত্র দাপট। যুব ফুটবলে এসে তারাই কিনা নাস্তানাবুদ! আজ অনূর্ধ্ব ১৮ ফুটবলে ফরাশগঞ্জের বিপক্ষে ১-০ গোলে হেরেছে তারা। বড়দের ফুটবলে অবনমন হওয়া দলের কাছে চ্যাম্পিয়ন দলের হার! গত প্রিমিয়ার লিগে অবনমন হয়েছে ফরাশগঞ্জের।

ক্লাব-সংলগ্ন নিজস্ব মাঠ থাকা সত্ত্বেও কখনোই ভালো জুনিয়র দল গঠনের উদ্যোগ দেখা যায়নি আবাহনীর। টুর্নামেন্ট খেলতে হবে, কোনোভাবে একটা দল গঠন করে সপ্তাহখানেকের অনুশীলন পর্ব শেষে মাঠে নেমে পড়া। এভাবে আর কতদূর এগোনো যায়! ফরাশগঞ্জও যে খুব বড় রকমের প্রস্তুতি নিয়ে এসেছে, তা নয়। কিন্তু আজ পুরান ঢাকার দলের বিপক্ষে আবাহনীকে দেখে কখনোই মনে হয়নি তাদের সঙ্গে আছে বড় দলের তকমা। প্রতিপক্ষ অর্ধে নিজেদের মধ্যে একসঙ্গে পাঁচটা পাস খেলতে পারেনি। এ ছাড়া প্রতিপক্ষ রক্ষণভাগ ভাঙার জন্য যে পরিকল্পনা থাকা দরকার, তা-ও ছিল না তাদের খেলায়। আবার তাদের বিপক্ষে ফরাশগঞ্জ যে আহামরি ফুটবল খেলেছে, তা নয়। কিন্তু আবাহনীর চেয়ে ভালো খেলেই ম্যাচ জিতে নিয়েছে তারা। একেবারেই শেষ মুহূর্তে গোলটি করেছেন মিডফিল্ডার রফিকুল ইসলাম।

এর আগে যুব ক্লাব ফুটবল দুই আসর মাঠে গড়িয়েছিল। একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি আবাহনী। আর এবার শুরু করল হার দিয়ে। ‘বড়দের চ্যাম্পিয়নরা ছোটদের খেলায় পারে না’ কথাটা তাহলে ভুল নয়!