তৃণমূলে বয়স চুরি বাংলাদেশের ফুটবলে মামুলি ব্যাপার। তাই বলে একটা দলের ১২ জন ফুটবলার বয়সের কারণে বাদ পড়বে, সেটি তো অবিশ্বাস্য। এই কাণ্ডটি ঘটেছে বহুল প্রতীক্ষিত অনূর্ধ্ব-১৮ জাতীয় ফুটবলে। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব, তার আগে আলোচনায় বয়স চুরি। চূড়ান্ত পর্বে উঠে আসা আট দলের অন্যতম ঢাকা জেলার ১২ ফুটবলারই বয়সের কারণে বাদ!
চট্টগ্রাম দল থেকে বাদ ১০ জন। বাকি পাঁচ জেলা দলের পাঁচ–ছয়জন করে ছাঁটাই হয়েছে। এত বিপুল ফুটবলারের বাদ পড়া দেখে বিস্মিত বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর আবু জোবায়ের নিপু, ‘চূড়ান্ত পর্বে আসা আট দলের প্রায় ৫০ জন ফুটবলারকে বেশি বয়সের কারণে ছেঁটে ফেলতে হবে ভাবতেই পারিনি।’ কিন্তু প্রশ্ন আসে, বেশি বয়সী এসব ফুটবলার নিয়ে প্রাথমিক পর্ব খেলল কীভাবে দলগুলো?
উত্তরটা সবারই জানা। বাফুফের বয়স যাচাইয়ের দুর্বলতার সুযোগই নিয়েছে দলগুলো। প্রতিটি ভেন্যুতে একজন ডাক্তার ও দুজন কোচ পাঠিয়েছিল দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু বাংলাদেশে বৈজ্ঞানিক পদ্ধতিতে বয়স যাচাইয়ের ব্যবস্থা না থাকায় এক পলক চোখের দেখাতেই বয়স যাচাই করতে হয়েছে। সেই সুযোগে অনূর্ধ্ব-১৮-এর জায়গায় ২২-২৩ বছরের ছেলেদেরও খেলিয়েছে অনেক দল।
বাফুফে এটা নাকি বুঝতে পারেনি! কর্মকর্তাদের দাবি, ১৮-১৯ বয়সটা যাচাই করা কঠিন। এমআরআইতে অনেক সময় ধরা পড়ে না। অনেক খেলোয়াড় নাকি জাল জন্মসনদ নিয়ে এসেছে। এই জায়গায় নিজেদের অসহায়ত্ব প্রকাশ করছেন কর্তারা। তাহলে এখন কীভাবে বয়স যাচাই করা হলো, এই প্রশ্ন ওঠে। বলা হচ্ছে, দলগুলোর অভিযোগ আমলে নিয়ে দ্বিতীয়বার বয়স যাচাই করতে নেমেই আসল ছবিটা পাওয়া গেছে।
কিন্তু সত্যটা হলো, বেশি বয়সের কারণে প্রায় এক যুগ পর জাতীয় যুব ফুটবল আয়োজনের আসল উদ্দেশ্য মার খেয়েছে। অথচ এই টুর্নামেন্টটি মাঠে ফেরানো হয়েছে জাতীয় দলের ভুটান বিপর্যয়ের পর নতুন খেলোয়াড় তুলে আনার তাগিদ থেকে। আর জেলাগুলোও বিপুল আগ্রহে অংশ নেয় খেলায়। শুধু ভোলা ও মেহেরপুর জেলা ছাড়া আর সব জেলাই খেলেছে প্রাথমিক পর্বের আটটি অঞ্চলে। এই পর্ব থেকে ঢাকা, চট্টগ্রাম ছাড়াও শিরোপার লড়াইয়ে উঠে এসেছে সিলেট, রাজশাহী, সাতক্ষীরা, রংপুর, বরিশাল ও বিকেএসপি।
কিন্তু ঢাকার বাইরে খেলা দেখে বাফুফের কোচরা যা বলছেন, তাতে ফুটবল থেকে হঠাৎ নতুন সম্ভাবনা উধাও হয়ে গেছে বলেই মনে হতে পারে। নিপু সামনে আনেন রূঢ় বাস্তবতা, ‘সত্যি বলতে, মনের মতো ফুটবলার আমরা প্রাথমিক পর্বে পাইনি।’ কারণটাও তাঁর জানা, ‘এই টুর্নামেন্ট সর্বশেষ হয়েছে ১০-১২ বছর আগে। স্বাভাবিকভাবেই একটা শূন্যতা নেমে এসেছে।’
উপরন্তু দলগুলোর প্রশিক্ষণ সেভাবে হয়নি। অনেক জায়গায় লিগ হয় না নিয়মিত। হলেও গোঁজামিল দেওয়া হয়। এসবেরই প্রভাব পড়েছে খেলোয়াড় তুলে আনার অতি কাঙ্ক্ষিত আয়োজন অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে।