বয়সকে বুড়ো আঙুল দেখানো দুই বন্ধু

৩৯ বছর বয়সে একজন ফুটবলার কী করেন? খেলাটেলা ছেড়ে তখন তো ডাগ-আউটে বা মাইক্রোফোন নিয়েই ব্যস্ত থাকার কথা। ফ্রান্সেসকো টট্টির অবশ্য এসব বয়স-টয়সকে পাত্তা দেওয়ার সময় নেই। চল্লিশ ছুঁই-ছুঁই করেও চালশে তো ননই; বরং বলে দিলেন, এখনই বুটজোড়া তুলে রাখার ইচ্ছা নেই।
পরশু ছিল টট্টির বন্ধু ড্যানিয়েলে কন্তির জন্মদিন। বয়সে দুই বছরের ছোট কন্তি। দুজন একসঙ্গে রোমায় খেলতেন, পরে কন্তি পাড়ি জমিয়েছেন ক্যালিয়ারিতে। টট্টি যে বার্তাটা পাঠালেন, তাতে কন্তি হয়তো আরও কিছুদিন খেলার উৎসাহও পেয়ে গেলেন। ‘তুমি বুড়ো হয়ে যাচ্ছ, আমি শুনেছি তুমি কোচ হওয়ার প্রশিক্ষণ নিচ্ছ। আমি কিন্তু আরও বছর দুয়েক খেলছি। তুমি আমাকে নিতে চাইলে আমার আপত্তি নেই’—মজা করে বলা কথাগুলোর মধ্যেও তো টট্টি যেন অনেক কিছু বলে দিলেন!
ঊরুর চোটে গত সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে ছিলেন টট্টি। গত শনিবার এসি মিলানের সঙ্গে ম্যাচ দিয়ে ফিরেছেন। রোমার হয়ে এর মধ্যেই সিরি ‘আ’তে খেলেছেন ৫৯২ ম্যাচ। ৬০০ হওয়ার খুব বেশি দেরি নেই। কন্তিও সিরি ‘আ’তে খেলে ফেলেছেন ৪৬৯টি ম্যাচ। রয়টার্স।