বয়সভিত্তিক ফুটবলের বাঁকবদল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইনালের আগে ট্রফি হাতে বাংলাদেশের অধিনায়ক শাওন হোসেন (বাঁয়ে) ও ভারতের অধিনায়ক প্রভাসুখন সিং। আজ ফাইনাল শেষে হাসি থাকবে শুধু একজনের মুখেই l প্রথম আলো
ফাইনালের আগে ট্রফি হাতে বাংলাদেশের অধিনায়ক শাওন হোসেন (বাঁয়ে) ও ভারতের অধিনায়ক প্রভাসুখন সিং। আজ ফাইনাল শেষে হাসি থাকবে শুধু একজনের মুখেই l প্রথম আলো

টুর্নামেন্ট শুরুর তিন দিন আগে মাকে হারিয়েছেন জাতীয় অনূর্ধ্ব-১৬ দলের গোলরক্ষক কোচ শেখ শুক্কুর ওরফে টোটাম। খুলনায় মাকে সমাহিত করে এসেই যোগ দেন অনুশীলন ক্যাম্পে। বাংলাদেশ ফাইনালে ওঠার পর বলছিলেন, ‘মা হারানোর বেদনা ভুলিয়ে দিয়েছে এই ছেলেরা!’
এমনিতেই বয়সভিত্তিক টুর্নামেন্টে সাফল্য পায় না বাংলাদেশ। ডাচ কোচ রেনে কোস্টারকে দায়িত্ব দেওয়ার পরও গত সাফে ভরাডুবি হয়েছিল অনূর্ধ্ব-১৬ দলের। সেবার সেমিফাইনালে নেপালের কাছে ৫-১ গোলে হারে বাংলাদেশ। তবে এবার দেশি কোচদের ওপরই আস্থা রেখেছে বাফুফে। সেই আস্থার প্রতিদান দিচ্ছেন পুরো কোচিং স্টাফ। অথচ বাফুফের সেইলর অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট থেকে এই ফুটবলারদের বাছাই করার পর মাত্র ২২ দিন অনুশীলনের সময় পান কোচ গোলাম জিলানী। এর মধ্যে প্রথম ১০ দিন আবার ট্রায়াল ও অনুশীলন চলেছে একই সমান্তরালে। মাত্র ১২ দিন শুধু টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিকগুলো নিয়ে কাজ করেছেন কোচ।
কোনো কন্ডিশনিং ক্যাম্প করতে পারেননি বলে কাল আক্ষেপ করছিলেন জিলানী, ‘আফগানিস্তানের সঙ্গে ম্যাচে শেষ ১৫ মিনিট ছেলেদের শরীর আর চলছিল না। একে তো ভারী মাঠ, তার ওপর অল্প কদিনের ট্রেনিং। কন্ডিশনিং ট্রেনিং সেভাবে করতেই পারিনি। পুরোদমে অনুশীলন, জিম, সুইমিং কিছু করতে পারিনি। তারপরও ওরা যতটা পেরেছে দেশবাসীকে খুশি করেছে। আমি আশা করি এই ধারাটা বজায় রাখবে।’
আজ ফাইনাল জয়ের স্বপ্নপূরণ হলে তা হবে বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলের এক বাঁকবদল। জিলানীও তেমনটাই ভাবছেন, ‘অল্প দিনে এদের একটি দল হিসেবে গড়ার চেষ্টা করেছি। ছেলেরা আমার কথা শুনেছে। ওরা চেষ্টা করছে শতভাগ নিংড়ে দিতে। চ্যাম্পিয়ন হলে এটা হবে বয়সভিত্তিক ফুটবলের টার্নিং পয়েন্ট।’