ভক্তের পায়ের ওপর দিয়ে গাড়ি চালালেন বেল!

স্রেফ একটা দুর্ঘটনাই। ঘটনার শিকার যিনি, সেই ভক্তও এটিকে দুর্ঘটনা বলেই মেনে নিয়েছেন। তবে এতে হৃদয় না ভাঙলেও পায়ের পাতা তো জখম হয়েছেই। গ্যারেথ বেল যে এক ভক্তের পায়ের পাতার ওপর দিয়ে চালিয়ে দিয়েছেন গাড়ি! রিয়াল মাদ্রিদের অনুশীলন মাঠের বাইরে এই নারী ভক্তের সঙ্গে এই ঘটনা ঘটেছে গতকাল। ভাগ্য ভালো। বড় ধরনের দুর্ঘটনা ঘটলে কী বিপদেই না পড়তেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার!
অনুশীলন থেকে বেরিয়ে নিজের অডি গাড়িটি চালিয়ে বের হচ্ছিলেন বেল। এমন সময় বেশ কিছু ভক্ত ঘিরে ধরে তাঁর গাড়ি। অনেকে ছবি তুলতে থাকে। হাসিমুখে ভক্তদের আবদারও মিটিয়ে যাচ্ছিলেন ২৫ বছর বয়সী এই তারকা। ছবি তুলছিলেন, সই দিচ্ছিলেন। কিন্তু গাড়ি নিয়ে বের হয়ে যাওয়ার মুখে ওই সমর্থককে আহত করেন। সমর্থকটি অবশ্য মারাত্মক কোনো চোটের শিকার হননি বলেই দাবি করেছেন। শুধু তা-ই নয়, বেলের ওপর কোনো রাগও পুষে রাখেননি। স্প্যানিশ টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় সেই ভক্তটি বলেছেন, বেল তো আর ইচ্ছে করে এমনটা করেননি।
সেই ভক্ত ক্ষমা করে দিলেও কদিন আগে অবশ্য দুই খুদে ভক্ত বেলের ওপর ক্ষোভ দেখিয়েছে। বেলের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ভক্তদের জটলায় ছিল সেই দুই কিশোর। কিন্তু বেল তাদের পাত্তা দেননি। রাগের চোটে সেই দুই খুদে ভক্ত বেলের গাড়িতে লাথিও কষে।
তারকাদের জীবনের এই এক যন্ত্রণা। সব ভক্তের মন রক্ষা করা কি একজন মানুষের পক্ষে সম্ভব! তাঁরাও তো রক্তমাংসেরই মানুষ! সূত্র: ডেইলি মেইল।