ভক্ত-প্রিয় ব্লাইন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেলি ব্লাইন্ড ফাইল ছবি
ডেলি ব্লাইন্ড ফাইল ছবি

হল্যান্ড তারকা ডেলি ব্লাইন্ডের ধৈর্য আছে বটে। এই যুগেও তিনি নিজ হাতে ভক্তদের ভালোবাসার জবাব দেন। সেটা কখনো মেইলের উত্তর দিয়ে, অথবা কাগজে চিঠির ফিরতি পাঠিয়ে। খেলা, অনুশীলন আর দৈনন্দিন অন্যান্য কাজকর্মের ভিড়ে রীতিমতো সময় বের করেই তিনি নাকি এসব করেন। ভক্তরা তাঁর কাছে এতটাই গুরুত্বপূর্ণ।

আয়াক্স থেকে এই মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়েছেন ব্লাইন্ড। ১৪ মিলিয়ন পাউন্ডের এই খেলোয়াড়ের মাঠের পারফরম্যান্সটাও মন্দ নয়। কিন্তু ইউনাইটেডের মতো একটি ক্লাবে খেলে এখনো রাতে বসে ভক্তদের চিঠির জবাব দেওয়া, খামে করে অটোগ্রাফ পাঠানো, মেইল, ফেসবুক, টুইটার ইত্যাদিতে চোখ রাখা নিয়ম করেই করেন এই ডাচ তারকা। এটা কি তাঁর স্বভাব, নাকি এর পেছনে কোনো উদ্দেশ্য আছে! এই প্রশ্নের জবাবটা দিয়ে দিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলই।

ওল্ড ট্র্যাফোর্ডে এসে প্রচুর নতুন ভক্তের দেখা পেয়েছেন ব্লাইন্ড। আয়াক্সের ফুটবলার ব্লাইন্ড আর ম্যানচেস্টার ইউনাইটেডের ব্লাইন্ড যে এক নয়, সেটা ইংলিশ ফুটবলে নাম লিখিয়েই ভালোভাবে বুঝতে পেরেছেন তিনি। তাঁর এই ভক্তপ্রীতি নাকি ওল্ড ট্র্যাফোর্ডে সামাজিক যোগাযোগ বাড়ানোর অংশ হিসেবেই করা। ব্লাইন্ড ভক্তদের বোঝাতে চান, তিনি ভালো খেলোয়াড়ের পাশাপাশি একজন ভালো মানুষও।

ব্রিটিশ মিডিয়ার কাজই ছিদ্রান্বেষণ! কোথায় ব্লাইন্ডের এই কাজটাকে আন্তরিক হিসেবে প্রশংসা করবে, তা নয়, উদ্দেশ্য খোঁজা শুরু করে দিয়েছে! নাহ, তাঁর এই ভক্তপ্রীতি একান্তই আন্তরিক, এটা ব্রিটিশ মিডিয়া না মানুক মেনে নিলাম আমরা সবাই! সবকিছুর উদ্দেশ্য খুঁজতে যাওয়া ঠিক নয়।