ভদ্র হয়ে খেলতে গিয়েই ডুবেছে যুক্তরাষ্ট্র!

প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে নাকি একটু বেশিই ‘সম্মান’ জানিয়ে ফেলেছিল যুক্তরাষ্ট্র। সে কারণেই এই বড় হার। যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ বিজয়ী জার্মান কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানের দাবি এমনই। আর্জেন্টিনার মতো দলও এতে মজা পেয়ে খেলেছে নিজেদের সেরা খেলাটা! আর্জেন্টিনার মতো দলকে যদি ‘ছাড়’ দেওয়া হয়, তাহলে কী হতে পারে, সেটা আজ ভালোভাবেই বুঝেছে যুক্তরাষ্ট্রের ফুটবলাররা।
ক্লিন্সমান বলেছেন, ৩ মিনিটের মাথায় গোল খেয়ে পিছিয়ে পড়েই হতভম্ব হয়ে পড়েছিল তাঁর দল। হতভম্ব ভাবটা পুরো খেলায় আর কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এতটাই হতভম্ব যে পুরো খেলায় আর্জেন্টিনার গোলে একটা শটও নিতে পারল না তারা!
প্রথম গোলের পর দলকে উজ্জীবিত করার জন্য নাকি সম্ভব সবকিছুই করেছিলেন তিনি ও তাঁর সহকারীরা। কিন্তু দলটা কেন যে এভাবে নেতিয়ে পড়ল, সেটা বুঝতে পারছেন না সাবেক এই জার্মান ফরোয়ার্ড, ‘প্রথম গোলের পর ডাগ আউট থেকে চিৎকার করে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়তে বলেছিলাম। বলেছিলাম, ওদের তাড়া করে খেলো, দরকার হলে শরীর ব্যবহার করে খেলো, ওদের পায়ের পাতা মাড়িয়ে দাও, যা খুশি করো।’
মেসির ফ্রি কিকটি নিয়েও তাঁর মনে আছে খচখচানি। তাঁর মতে, মেসি নাকি ৫ গজ সামনে থেকে ফ্রি কিকটি নিয়েছিলেন, ‘বলটা বসানোর সময়ই আমি দেখেছিলাম। চিৎকার করে রেফারি ও লাইন্সম্যানকে সতর্ক করেছি। এই সব ব্যাপারগুলোতে আমার দল খুবই বিনয়ী আচরণ করেছে প্রতিপক্ষের বিপক্ষে। খেলোয়াড়েরা যদি মেসিকে পাঁচ গজ পিছিয়ে দিত, তাহলে তো সে গোল করতে পারে না।’
এই ছোট ছোট বিষয়গুলোতে দলকে মনোযোগ দিতে বলেছেন ক্লিন্সমান। তাঁর ধারণা, আর্জেন্টিনা নাম আর খেলোয়াড়দের প্রতি বাড়তি সমীহের কারণেই খেলোয়াড়রা অনেক সময় গায়ে পড়ে ঝগড়াও করেনি। যেটা করা উচিত ছিল। এগুলোও ফুটবলের কৌশল। মানসিক খেলায় আগেই হেরে বসেছিল যুক্তরাষ্ট্র।
এত কিছুর পরেও আর্জেন্টিনা দলটির প্রতি অগাধ শ্রদ্ধা এই কোচের। আর্জেন্টিনার বিপক্ষে পরাজয়ে লজ্জিত হওয়ার কিছু নেই বলেই অভিমত তাঁর, ‘আর্জেন্টিনা আজ দেখিয়েছে কেন তাদের বিশ্বের এক নম্বর দল বলা হয়। এই দলের বিপক্ষে হারে কোনো লজ্জা নেই। আমি এটা খেলোয়াড়দের বলেছি। আমাদের শিখতে হবে আর সামনের দিকে এগিয়ে যেতে হবে।’ সূত্র: এএফপি।