ভবিষ্যদ্বাণীতে ভয় সালাউদ্দিনের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফের ব্যর্থতা এখনো দগদগে ঘা হয়ে আছে। সেটি শুকানোর মলম হতে পারে বঙ্গবন্ধু গোল্ড কাপে ভালো পারফরম্যান্স। ৪-২ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে মামুনুলরা সে পথে যাত্রা করেছেন বলেও আপাতত মনে হচ্ছে। কিন্তু এখনই আশার কিছু দেখছেন না বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বাংলাদেশ দল নিয়ে ভবিষ্যদ্বাণী করতে যে তাঁর বড় ভয়!
বঙ্গবন্ধু গোল্ড কাপে বিদেশি দলগুলো দেখে অনেকে বলছেন, বাংলাদেশ জাতীয় দলের চ্যাম্পিয়ন হওয়া উচিত। কথাটা তুললে কাল বাফুফে ভবনে সাংবাদিকদের ভিড়ে ঠাসা আড্ডায় সালাউদ্দিনের চেহারায় অসহায় ভাব ফুটে উঠল। উত্তরটাও দিলেন সেভাবে, ‘জাতীয় দল নিয়ে কথা বলতে আমার ভয় লাগে। অন্য সব দল নিয়ে ভবিষ্যদ্বাণী করতে পারি, শুধু বাংলাদেশ ছাড়া।’
বাংলাদেশ দলের পারফরম্যান্সে ধারাবাহিকতা নেই বলেই সালাউদ্দিনের এই নিরাপদ দূরত্বে হাঁটা। তবে দল চ্যাম্পিয়ন হোক এই আকাঙ্ক্ষা তো তাঁর মনে অবশ্যই আছে। যদিও প্রথম ম্যাচে মামুনুলদের পারফরম্যান্স সালাউদ্দিনের মন ভরাতে পারেনি, ‘সত্যি বলতে জাতীয় দলের পারফরম্যান্সে আমি খুশি নই।’ খুশি না হওয়ার কারণটাও বললেন, ‘ডিফেন্সে এখনো অনেক সমস্যা।’ মূলত অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের নিয়ে গড়া বাংলাদেশের আরেকটি দল বাহরাইনের বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ ড্র করেছে। এই দলের ফিনিশিংয়ে বড় দুর্বলতা চোখে পড়েছে বাফুফে সভাপতিরও।
জাতীয় দলের দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল আজ ঢাকায়। কিন্তু সূচিতে একটু রদবদল আসায় আজ টুর্নামেন্টে বিরতি পড়ছে। বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচটি আজ না হয়ে হবে আগামীকাল। ঢাকা পর্বের সব গ্রুপ ম্যাচই এক দিন করে পিছিয়েছে।
টুর্নামেন্টজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সময়ের সঙ্গে মেলাতেই ২০ জানুয়ারির পরিবর্তে বঙ্গবন্ধু কাপের ফাইনাল হবে ২২ জানুয়ারি। কাল পরিবর্তিত সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নতুন সূচিতে ১৭ ও ১৮ জানুয়ারি নির্ধারিত সেমিফাইনাল দুটি হবে ১৮ ও ১৯ জানুয়ারি।
এবারের বিদেশি দলগুলোকে একটু দুর্বল বলছেন কেউ কেউ। সালাউদ্দিনের আছে ভিন্ন মত, ‘গতবারের চেয়ে এবারের দলগুলো শক্তিশালী এবং প্রতিদ্বন্দ্বিতাও বেশি হচ্ছে।’ তবে এতেই খুশি না থেকে ভবিষ্যতে আরও ভালো মানের দল আনার আশাবাদ রাখলেন, ‘বঙ্গবন্ধু কাপটা প্রতিষ্ঠিত না হওয়ায় ভালো দল আনা এখন কঠিন। তবে চেষ্টা করছি, টুর্নামেন্টটাকে এএফসির সূচিতে ঢুকিয়ে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করতে। আশা করি, ভবিষ্যতে আমরা আরও ভালো মানের দল আনতে পারব। দলের সংখ্যাও বাড়াব।’
দল নিয়ে হতাশ না হলেও যশোরের মাঠ খুব হতাশ করেছে সালাউদ্দিনকে। এতটাই যে বলে ফেললেন, ‘এটা ফুটবল না ক্রিকেট মাঠ নাকি হা-ডু-ডু মাঠ আমি বুঝতে পারিনি।’
ওদিকে কাল সংবাদ সম্মেলন ডেকে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানালেন, এবার থেকে টুর্নামেন্টে অর্থ পুরস্কার থাকছে। চ্যাম্পিয়ন দলের জন্য এবার টাকার অঙ্কটা ৫০ হাজার ডলার, রানার্সআপরা পাবে ২৫ হাজার ডলার। ২০ ভরি সোনায় মোড়ানো গতবারের ট্রফিটা দিয়ে দেওয়া হয়েছিল চ্যাম্পিয়ন মালয়েশিয়াকে। ২১ ভরি সোনায় তৈরি হচ্ছে নতুন ট্রফি, যেটি বাফুফের কাছে স্থায়ীভাবে থাকবে। চ্যাম্পিয়ন দল এখন থেকে পাবে রেপ্লিকা।