ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন হতেই চলে গেলেন বেল

ডেনমার্কের কাছে হেরে বিদায় নেওয়ার পর হতাশ ওয়েলস অধিনায়ক গ্যারেথ বেল।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু হেরেছে বললে ভুল বলা হবে, বলা উচিত ডেনমার্কের কাছে গোহারা হেরেছে ওয়েলস। ডেনিশদের কাছে ৪–০ গোলে হেরে 'ইউরো ২০২০' থেকে বিদায় নিয়েছে গ্যারেথ বেলের দল। এমন ম্যাচ খেলার পর মন–মেজাজ ঠিক রাখাই কঠিন পরাজিত দলের খেলোয়াড়দের। গ্যারেথ বেলও পারেননি। ম্যাচ শেষে বিবিসির টেলিভিশন সাংবাদিকের এক প্রশ্ন শুনে উত্তর না দিয়ে ক্যামেরার সামনে থেকে চেলে যান ওয়েলশ তারকা। ওয়েলস দলে বেলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নটা করেছিলেন ওই সাংবাদিক।

গত বছর রিয়াল মাদ্রিদ থেকে এক মৌসুমের জন্য ধারে এসে পুরোনো ক্লাব টটেনহাম হটস্পারে খেলেছেন বেল। প্রিমিয়ার লিগের মৌসুম শেষ হওয়ার পর জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছিলেন তারকা উইঙ্গার। ৩১ বছর বয়সী বেল তখন বলেন ওয়েলস দলে নিজের ভবিষ্যৎ নিয়ে ইউরোর পরে কথা বলবেন। ইউরোর আগে কথা বললে দলে 'বিশৃঙ্খলা' তৈরির আশঙ্কায় সে সময়ে এ নিয়ে কথা বলতে রাজি হননি বেল।

অনেকেই তখন ধরে নেন ইউরো শেষে হয়তো জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেবেন বেল। শনিবার ইউরোর দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে গতবারের সেমিফাইনালিস্টরা। এরপর বিবিসি টেলিভিশনে কথা বলতে আসেন বেল। ম্যাচ নিয়ে কথার বলার পর সাংবাদিক প্রশ্ন করেন বেল কি ওয়েলসের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। প্রশ্নটা শুনতে দেরি, বেল ক্যামেরার সামনে থেকে সরে যেতে দেরি করেননি মোটেই।

এর আগে মাঠে ডেনমার্ককে কোনো জবাব দিতে পারেনি বেলের দল। কাসপার ডোলবার্গের জোড়া গোল ও ইওয়াকিম ম্যালে এবং মার্টিন ব্র্যাথওয়েটের গোল ইউরোতে ওয়েলসকে সবচেয়ে বাজে হার উপহার দেয়। ওয়েলসের হ্যারি উইলসন লাল কার্ডও দেখেন।

বেল জানালেন এমন বাজে হারের পর দলের সবার মেজাজ তিরিক্ষি হয়ে আছে, 'ছেলেরা হতাশ, ওদের মেজাজও খারাপ হয়ে আছে। এটা তো হতাশারই। আমরা একটা সুযোগ হারিয়েছি তবে আমি চেষ্টায় কোনো ক্রুটি দেখিনি। আমি ওদের নিয়ে এখনো গর্ব করি।'

রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন বেল।
ছবি: রয়টার্স

ডেনমার্ক ম্যাচের রেফারিংয়ের মান নিয়েও প্রশ্ন তুলেছেন বেল। বেলের বিশ্বাস ডেনিশদের প্রথম গোলটার আগে ডেনমার্কের অর্ধে ফাউলের শিকার হয়েছিল তাঁর দল, 'এটা ফাউল ছিল কিন্তু রেফারি ওদের সমর্থকদের চিৎকার চেচামেচিতে প্রভাবিত হয়েছেন।'

সে যদি মনে করে অনেক দিয়ে ফেলেছে আমি হতাশ হব। ওয়েলসের জন্য সে বিশাল এক খেলোয়াড়। ওই দলে তো তার অনেক সাফল্যও আছে। তার বয়সটাও তো বেশি কিছু হয়নি মোটে ৩১। ৩১–৩২ তো এখন নতুন ২৫।
মার্ক হিউজ, ওয়েলসের সাবেক কোচ

বেল চলে যাওয়ার পর ওয়েলসের ভারপ্রাপ্ত কোচ রবার্ট পেজকে শিষ্যের আচরণ নিয়ে প্রশ্ন করা হয়। পেজ বলেন হারের পর যে কেউ মেজাজ হারাতে পারেন, 'অন্য খেলোয়াড়দের মতো ড্রেসিংরুমে সেও হতাশ ছিল। সে কেন তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের উত্তর দিতে চাইবে? আমি মনে করি অবিবেচক প্রশ্ন ছিল এটি। হারের পর সে মাত্রই মাঠ থেকে ফিরেছে।'

ওয়েলসের সাবেক কোচ মার্ক হিউজ ডেনমার্ক–ওয়েলস ম্যাচ নিয়ে কথা বলার সময় বেলকে নিয়েও বলেছেন। হিউজ আশা করছেন বেল এখনই জাতীয় দল নিয়ে চূড়ান্ত কোনো কথা শোনাবেন না, 'সে যদি মনে করে অনেক দিয়ে ফেলেছে আমি হতাশ হব। ওয়েলসের জন্য সে বিশাল এক খেলোয়াড়। ওই দলে তো তার অনেক সাফল্যও আছে। তার বয়সটাও তো বেশি কিছু হয়নি মোটে ৩১। ৩১–৩২ তো এখন নতুন ২৫।'