
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে কে জিতবে? অনেকের কাছে এই প্রশ্নটাই অর্থহীন। অস্ট্রেলিয়াই জিতবে, এটা কে না জানে! আলোচনা হতে পারে বরং ব্যবধানটা কী হবে তা নিয়ে।
মামুনুল ইসলামকে কথাটা বলবেন না। সঙ্গে সঙ্গে বাংলাদেশ অধিনায়ক প্রতিবাদ করবেন। কাল সংবাদ সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হলো ‘এই ম্যাচের ফল কী হবে?’ মামুনুল হয়ে গেলেন অদৃষ্টবাদী, ‘ম্যাচের ফল আগাম বলব কী করে? সৃষ্টিকর্তা ছাড়া কেউই তা জানেন না। শুধু ৯০ মিনিট অপেক্ষার পরই জানতে পারব।’
বাংলাদেশ অধিনায়ক বিনা লড়াইয়ে হারতে রাজি নন। তাই সামনে এশিয়ার সেরা ও চারবার বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়া হলেও মাঠে নামার আগেই আত্মসমর্পণ করছেন না। এই মানসিকতাকে সঙ্গী করেই আজ মধ্য রাতে ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। প্রথমে যাবে কুয়ালালামপুর, ২৯ আগস্ট সেখানে মালয়েশিয়া জাতীয় দলের সঙ্গে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলে পরদিনই পার্থ যাত্রা।
ফিফা র্যাঙ্কিংয়ে ৬১তম দলের সঙ্গে ১৭০-এর লড়াই একপেশেই হওয়ার কথা। সবাই তো বলছেন, বাস্তবতা মেনে অস্ট্রেলিয়ার সঙ্গে রক্ষণাত্মকই খেলতে হবে বাংলাদেশকে। সবার ভাবনার সঙ্গে মিলে যাচ্ছে কোচ লোডভিক ডি ক্রুইফের পরিকল্পনাও, ‘বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া একমাত্র ম্যাচ খেলেছে ১৬ জুন কিরগিজস্তানের বিপক্ষে। ওই ম্যাচটির ভিডিও দেখে বুঝলাম, ওদের মাঝমাঠ ও আক্রমণভাগ খুবই শক্তিশালী। গতিময় ফুটবল খেলে ওরা। আমরা তাই রক্ষণকাজেই বেশি জোর দেব।’
>পার্থে সেরা পারফরম্যান্সটাই দেখাতে চাই। আমরা মোটেও ভয় পাচ্ছি না। জীবনের সেরা ম্যাচটা খেলতে হবে আমাদের মামুনুল ইসলাম
এই ম্যাচে বল যে বাংলাদেশের গোলসীমানাতেই বেশি ঘোরাফেরা করবে, সেটি ডি ক্রুইফেরও জানা, ‘ম্যাচের ৮০ থেকে ৮৫ ভাগ সময় আমাদের ট্যাকটিকস থাকবে রক্ষণ সামলানো। বল পেলে আমাদের চ্যালেঞ্জ থাকবে দ্রুত আক্রমণে যাওয়া। আমাদের হাতে তখন মাত্র ৪-৫ সেকেন্ড সময় থাকবে। ওই সময়টাই আমরা কাজে লাগাতে চাই।’
রক্ষণ চিন্তাই ঘুরে ঘুরে আসছে। কিন্তু রক্ষণের বড় ভরসা ডেঙ্গুজ্বরে আক্রান্ত নাসিরউদ্দিনকে রেখে দলে নেওয়া হয়েছে কি না ফরোয়ার্ড আমিনুর রহমান সজীবকে! দলে মাত্র দুজন স্টপার—তপু বর্মণ ও ইয়াসিন খান। রক্ষণাত্মকই যখন খেলবেন কোচ, তাহলে রক্ষণ শক্তিশালী করা হলো না কেন? চোটের কারণে মৌসুমের অনেকটা সময় মাঠের বাইরে ছিলেন আতিকুর রহমান মিশু। সদ্য চোট থেকে ফিরেছেন রায়হান হাসান। রক্ষণ কি শক্তিশালী হলো? কোচ বললেন, ‘দেশের সেরাদের নিয়েই দল গড়েছি। দলে থাকা ডিফেন্ডারদের ওপর আমার আস্থা আছে। আশা করি সমস্যা হবে না।’
তবে অনেকে বলছেন, বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে, সেই রোমাঞ্চই দলের বড় প্রাপ্তি। কিন্তু ডি ক্রুইফ ব্যাপারটাকে সেভাবে দেখতে রাজি নন। তাঁর মুখে বরং শোনা গেল অস্ট্রেলিয়াকে এক বিন্দু ছাড় না দেওয়ার প্রত্যয়, ‘আমরা পার্থে ভ্রমণে যাচ্ছি না। একটা পেশাদার দলের মতোই যাচ্ছি। পুরোটা সময় লড়াই করব আমরা।’