ভরদুপুরের ফুটবলে সমস্যা নেই বার্সার

আগের ম্যাচে সেল্টিককে উড়িয়ে দিলে কী হবে, বার্সেলোনা একটু অস্বস্তি নিয়েই মাঠে নামবে আজ। স্প্যানিশ লিগে আলাভেস-ধাক্কা যে এখনো টাটকাই। আজ বার্সার প্রতিপক্ষ এই মৌসুমের আরেক চমক–জাগানিয়া পুঁচকে দল লেগানেস। বার্সার জন্য অস্বস্তি বাড়ছে এ কারণে, ম্যাচটি একেবারে ভরদুপুরে। বাংলাদেশ সময় বিকেল পাঁচটা আর স্পেনের স্থানীয় সময় বেলা একটায়।
একে তো দুপুরবেলায় খুব বেশি ম্যাচ খেলে অভ্যস্ত নয় বার্সা, তার ওপর চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলে বিশ্রামের সময়ও একটু কম হয়ে গেল কি না। এসব প্রশ্ন উঠেছে। তবে লুইস এনরিকে এর কোনোটাকেই আমলে নিতে দিলেন না, ‘লেগানেসকেও তো একই সময়ে খেলতে হবে। তারাও এই রকম দুপুরে খুব বেশি ম্যাচ খেলেনি। কঠিন হতো যদি আমরা খেলা শুরু করতাম একটায় আর লেগানেস শুরু করত তিনটা। এটা হতো হাস্যকর।’
দুপুরের ফুটবলে আরেকটি সমস্যা হলো দুপুরের খাবার। ভরদুপুরে ভারী কিছু খেয়ে মাঠে নামা কঠিন। এটাই গুরুত্ব দিচ্ছেন বার্সা কোচ। গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেছেন, ‘খাবারের ব্যাপারটা আমরা খুব বুঝেশুনেই করছি। আমাদের নিশ্চিত করতে হবে খেলোয়াড়েরা যেন ঠিক খাবারটাই ঠিকমতো খায়। এটাই বেশি গুরুত্ব দিচ্ছি। তবে মাঠে আপনারা একই বার্সা খেলোয়াড়দেরই খুঁজে পাবেন। আমাদের বরং ভাবতে হবে মাঠটা কেমন হয়। এটাই আমাদের বেশি মানিয়ে নিতে হবে। তিন পয়েন্ট পেতে আমাদের সবকিছু ঠিকঠাকমতো করতে হবে।’
বার্সেলোনা থেকে প্রতিপক্ষ ক্লাবের দূরত্বও আছে। মাদ্রিদে উড়ে এসে খেলতে হচ্ছে। তবে এর কোনো কিছুই অজুহাত হিসেবে ব্যবহার করতে চান না এনরিকে। পুরো তিন পয়েন্ট নিতে না পারলে সেটিকে ব্যর্থতা হিসেবেই মেনে নেবেন। যদিও এমনটা হওয়ার সম্ভাবনাই ক্ষীণ।
লেগানেসের মতো দলের বিপক্ষে খেলতে নেমে এত কথা হচ্ছে, এই দলটাই অ্যাটলেটিকো মাদ্রিদকে রুখে দিয়েছে গোলশূন্য ড্রতে। এনরিকে মানছেন কাজটা চ্যালেঞ্জিং। কিন্তু কঠিন চ্যালেঞ্জ পার করাই তো মেসি-নেইমার-সুয়ারেজদের দায়িত্ব। এনরিকে সমীহ করছেন লেগানেসকে, ‘ওরা খুবই গোছানো একটা দল। নিজেদের উজাড় করে দিয়ে খেলে। পাল্টা আক্রমণ আর রক্ষণ-আক্রমণের ধরন বদলাতেও ওস্তাদ। ওদের সেট পিসগুলোও ভালো। আমাদের জন্য ম্যাচটা মোটেও সহজ হবে না। নতুন উঠে এলেও তারা সাহসী, ভয়ডরহীন।’
নতুন বলে নতুন। মাদ্রিদের ক্লাবটি তাদের ৮৮ বছরের ইতিহাসে এই প্রথম মুখোমুখি হচ্ছে বার্সেলোনার। একে তো মাদ্রিদের ক্লাব, তার ওপর প্রতিপক্ষ কাতালানরা। ম্যাচটা লেগানেস স্মরণীয় করে রাখতে তো চাইবেই!