ভরসা সেই হিডিঙ্ক?

ট্রফি নিয়ে উল্লাসে ভেসে যাচ্ছেন হ্যাজার্ড, টেরিরা; তাঁদের সঙ্গে গলাগলি করে সেখানে আছেন তিনিও। হেঁড়ে গলায় খেলোয়াড়দের সঙ্গে গান গাইছেন, দর্শকদের অভিবাদনে প্রাণ খুলে হাসছেন। এখন ছবিটা হোসে মরিনহোর কাছেই হয়তো পরাবাস্তব জগতের বলে মনে হবে। কে জানত, সাত মাসের মধ্যেই সেই স্টামফোর্ড ব্রিজ থেকে এভাবে চলে হয়ে যেতে হবে? এমন বিস্ময় বোধ হয় শুধু ফুটবলেই সম্ভব।
মরিনহোর বিদায়ের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে হবেন তাঁর উত্তরসূরি? মাঝদরিয়ায় খাবি খেতে থাকা জাহাজে সেধে গিয়ে কেই-বা হাল ধরতে যাবেন? আপৎকালীন সমাধান হিসেবে আপাতত অভিজ্ঞতার দিকেই ঝুঁকছে চেলসি। গাস হিডিঙ্ক আবার স্টামফোর্ডে ব্রিজে ফিরছেন, এমনটা জানাচ্ছে ব্রিটিশ প্রচারমাধ্যম। সাবেক চেলসি স্ট্রাইকার মাতেয়া কাজমানও দাবি করেছেন, হিডিঙ্ক নিজেই তাঁকে ব্যাপারটি নিশ্চিত করেছেন। বিবিসি জানাচ্ছে, কথাবার্তা পাকাপাকি করতে কালই লন্ডনে চলে এসেছেন হিডিঙ্ক।
ডাচ পত্রিকা ডি টেলিগ্রাফ-এর কাছে এই ডাচ কোচ যা বলেছেন, তাতেও মিলেছে সেই ইঙ্গিত, ‘চেলসি এখন খুব খারাপ অবস্থায় আছে, সেটার কারণও আছে। আমি ব্যাপারটা একটু তলিয়ে দেখতে চাই। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছু ব্যাপার জানতে হবে আমাকে।’ এই টালমাটাল অবস্থাতেই আজ আবার মাঠে নেমে পড়তে হচ্ছে চেলসিকে, প্রিমিয়ার লিগে প্রতিপক্ষ সান্ডারল্যান্ড। হিডিঙ্ক অবশ্য জানাচ্ছেন, আজই ডাগ-আউটে তাঁকে দেখার সম্ভাবনা নেই, ‘আজ অন্য কোচরাই কাজ চালিয়ে নেবেন। আমি হয়তো ম্যাচটা দেখতে যেতে পারি। বাকিটা নির্ভর করছে আমাদের কথাবার্তা কত দূর এগোয় তার ওপর।’
অবশ্য ঝঞ্ঝাবিক্ষুব্ধ সমুদ্রে চেলসির হাল ধরার অভিজ্ঞতা হিডিঙ্কের কাছে নতুন নয়। ২০০৯ সালে লুইস ফেলিপে স্কলারির বিদায়ের পরও দায়িত্ব নিতে হয়েছিল এই ডাচ কোচকে। দলকে এফএ কাপ এনে দিয়েছিলেন, নিজের ৮৭ শতাংশ ম্যাচই জিতেছিলেন। তবে পূর্ণকালীন কোচ হিসেবে থাকা হয়নি। লম্বা মেয়াদে এবারও থাকার সম্ভাবনা কমই। তবে চেলসিরই সাবেক সহকারী কোচ রে উইলকিনস এ মুহূর্তে হিডিঙ্ককেই সবচেয়ে যোগ্য হিসেবে মানছেন, ‘আমি নিশ্চিত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তিনি (হিডিঙ্ক) দায়িত্বটা নিতে পছন্দ করবেন। মৌসুমের এ অবস্থায় দলকে টেনে নিয়ে আসার জন্য হিডিঙ্কই সবচেয়ে আদর্শ লোক।’
কিন্তু হিডিঙ্ক জানেন, এবারের সমস্যার মূল অনেক গভীরেই প্রোথিত। চেলসি তো শুধু খারাপ খেলছে না, খেলোয়াড়দের ওপর মরিনহোর আস্থায়ও চিড় ধরেছিল। চেলসির টেকনিক্যাল ডিরেক্টর মাইকেল এমেনালো যেমন বলছেন, ‘বোঝাই যাচ্ছে মরিনহোর সিদ্ধান্তটা হঠাৎ করে নেওয়া হয়নি। ফল ভালো হচ্ছিল না। স্পষ্টতই কোচ ও খেলোয়াড়দের মধ্যে সম্পর্কটা অনেক অবনতি হয়েছিল।’ চেলসিরই সাবেক স্ট্রাইকার ডেম্বা বা এত দিন পর দাবি করছেন, মরিনহোর অনুশীলনের ধরন নাকি খুবই ক্লান্তিকর ছিল।
অভাগা যেদিকে চায়, সাগর শুকিয়ে যায়—মরিনহো নিশ্চয় সেটি হাড়ে হাড়ে টের পাচ্ছেন! এএফপি, ইএসপিএন।