ভরাডুবির মূলে শৃঙ্খলাভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ-ব্যর্থতার কারণ বিশ্লেষণে নানা জনের নানা মত। তবে খেলোয়াড়দের শৃঙ্খলা ভঙ্গকেই সবচেয়ে বেশি দায়ী করেছে সাফ-ব্যর্থতার তদন্তে গঠিত কমিটি।
বাফুফের কাছে কাল প্রতিবেদন জমা দিয়েছে তিন সদস্যের এই কমিটি। বাফুফে সদস্য শেখ মোহাম্মদ আসলামকে আহ্বায়ক করে কমিটির বাকি দুই সদস্য সর্বশেষ জাতীয় দলের দলনেতা আজমল আহমেদ তপন ও ম্যানেজার ইলিয়াস হোসেন।
কদিন আগে বাফুফেকে ব্যক্তিগত প্রতিবেদন দিয়েছেন সাফের পর্যবেক্ষক ও বঙ্গবন্ধু গোল্ড কাপের দলনেতা আজমল আহমেদ। তাতে অধিনায়ক মামুনুল ইসলামসহ আট খেলোয়াড়কে জাতীয় দল থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছেন তিনি। একটি সূত্রমতে, আসলামের কমিটিও জাতীয় দল থেকে কয়েকজনকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে। নামগুলোও প্রায় একই।
তদন্ত কমিটির তালিকায় আছে অধিনায়ক মামুনুল ইসলাম, এমিলি, নাসির উদ্দিন, সোহেল রানা, মিঠুন, সোহেলের নাম। মামুনুল দলটাকে ঠিকভাবে এগিয়ে নিতে পারেননি। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছে কমিটি। এমিলির পড়ন্ত বেলা, ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টাও নাকি তাঁর মধ্যে খুঁজে পাওয়া যায়নি। গোলরক্ষক সোহেলের বাজে ফর্ম, মিঠুনের দায়িত্বহীনতার কথা বলা হয়েছে। নাম এসেছে ইয়ামিন মুন্নারও। ওদিকে উইঙ্গার জাহিদকে পাঁচ বছর নিষিদ্ধ করার কথা বলেছে কমিটি।
কোচ মারুফুল হক, ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর প্রতিবেদনও পেয়েছে ফেডারেশন। দ্রুতই আলোচনায় বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হচ্ছে। তবে অতীতে তদন্ত প্রতিবেদন কর্তাদের টেবিলের ড্রয়ারেই পড়ে থেকেছে বছরের পর বছর। এবার তাই বাফুফের কাছ থেকে কার্যকর উদ্যোগ আশা করছেন আসলাম, ‘দলে শৃঙ্খলা বলে কিছু ছিল না। অনেক ফুটবলার দেদার মদ্যপান করেছে। অস্ট্রেলিয়া থেকে আসার সময় প্রচুর মদ কিনেছে খেলোয়াড়েরা। কেরালা গিয়েও মদে ডুবে ছিল অনেক খেলোয়াড়।’
জামালসহ আরও কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে কোনো অভিযোগ পায়নি কমিটি। আসলাম বলেছেন, ‘সাফের গ্রুপ থেকেই বিদায় বা বঙ্গবন্ধু কাপের সেমিফাইনাল, ফলাফল এমনি খারাপ হয়নি। রাতে মদ পান করলে পরদিন খেলোয়াড়ের পেশি এমনিতেই কাজ করবে না। বেশির ভাগ খেলোয়াড়ের অনিয়ন্ত্রিত জীবন সীমা ছাড়িয়ে গিয়েছিল। ওরা ধূমপানও করত নিয়মিত। এদের সংখ্যা দলে ৬০-৭০ ভাগ।’
জাতীয় দলে খেলে কী লাভ, ফেডারেশন আমাদের কী দেয়? এমন কথা ফুটবলাররা আড়ালে-আবডালে প্রায়ই বলেন। তদন্ত প্রতিবেদনেও কথাটা এসেছে। আসলাম যেমন বলছেন, ‘ওরা জাতীয় দল নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করত। বলত, আমরা কী পাই ফেডারেশন থেকে? জাতীয় দলের প্রতি কোনো মায়া ছিল না ওদের।’
সাফে মালদ্বীপের সঙ্গে ম্যাচে জামালকে গোটা চারেক ঘুষি মেরে দলে বিভেদের দেয়ালটা স্পষ্ট করে দেন ডিফেন্ডার ইয়াসিন। সেই ঘটনা তুলে এনে আসলাম জানাচ্ছেন, ‘দলটা একতাবদ্ধ ছিল না এতটুকু।’ সাফের বাংলাদেশ দলকে নিম্নমানের উল্লেখ করে আসলামের পর্যবেক্ষণ, ‘তিন বেলা অনুশীলনই হয়েছে শুধু। সেখানে হাসি-ঠাট্টাই বেশি হতো। কেউই আসলে সিরিয়াস ছিল না।’
অভিযোগের ফিরিস্তির সঙ্গে বাফুফেকে দেওয়া হয়েছে একগাদা সুপারিশও। সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে উন্মুক্ত ট্রায়াল করে জাতীয় দল গঠন করার ওপর। ‘শিক্ষিত’ ফুটবলার তুলে আনার কথাও বলা হয়েছে।