ভাইদের জন্য বোনের শুভকামনা

সাফল্যের সঙ্গে ঘরবসতি বাংলাদেশ অনূর্ধ্ব–১৬ মেয়েদের ফুটবল দলের। এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলের বাছাইপর্বে ইরান, সিঙ্গাপুর, কিরগিজস্তান, চীনা তাইপে ও আরব আমিরাতের মতো দলগুলোকে উড়িয়ে দিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে তারা। বাছাইপর্বে বইয়ে দিয়েছে গোলের বন্যা। অনন্য ক্রীড়ানৈপুণ্য দিয়ে ক্রীড়াঙ্গনের মনোযোগের কেন্দ্রে এখন ফুটবলের ১৬ বছর বয়সী কিশোরীরা।
পুরুষদের জাতীয় ফুটবল দলের অবস্থান এর ঠিক উল্টো মেরুতে। দিনের পর দিন ব্যর্থতাই সঙ্গী। সর্বশেষ ১৮টি আন্তর্জাতিক ম্যাচে ৫৫ গোল হজম করা বাংলাদেশ জাতীয় ফুটবল দল যেন জিততেই ভুলে গেছে। এই তো গেল সপ্তাহেই মালদ্বীপের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়ে আসা দলটির আত্মবিশ্বাসও এখন তলানিতে।
আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফের প্রথম লেগে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভুটানের বিপক্ষে কোনো দিন না হারলেও সাম্প্রতিক কালের পারফরম্যান্স জোর গলায় বলতে দিচ্ছে না জয়ের কথা।
অনূর্ধ্ব-১৬ মেয়েদের অধিনায়ক কৃষ্ণা রানী সরকারের কথায় উজ্জীবিত হতে পারে টম সেন্টফিটের জাতীয় ফুটবল দল। গতকাল এএফসি বাছাইয়ে আরব আমিরাতকে ৪-০ গোলে হারিয়েই কৃষ্ণা শুভকামনা জানিয়েছে তার বড় ভাইদের। বলেছে, বড় ভাইদের দিকেই তারা তাকিয়ে থাকে। সেটাই তো বাংলাদেশের আসল জাতীয় দল। ভুটানের বিপক্ষে ভালো কিছু হলে সবচেয়ে বেশি খুশি হবে তারাই।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল শুভকামনা জানিয়ে কৃষ্ণা বলেছে, ‘আমার বিশ্বাস, ভুটানকে আমাদের জাতীয় ফুটবল দল হারাবে। অনেক অনেক শুভকামনা থাকল ভাইদের জন্য।’
বাংলাদেশ জাতীয় দল তবু কিছু সুযোগ-সুবিধা তো পায়। এই মেয়েরা এ পর্যন্ত এসেছে অনেক বাধার দেয়াল ডিঙিয়ে। আপাতত ছোট বোনদের কাছ থেকে সাহস নেওয়ার মতো নেতিবাচক কিছু নেই। বোনেরাই তো ভাইয়ের হাতে বেঁধে দেয় সুরক্ষার রাখী!
অনূর্ধ্ব–১৬ মেয়েদের ফুটবলের অন্যতম সেরা এই খেলোয়াড়ের কণ্ঠে শুভকামনাটা শক্তি ও প্রেরণাই হয়ে উঠুক জাতীয় ফুটবল দলের জন্য।