ভাইয়ের হয়ে ঝগড়া মেসির বোনের

ভাইয়ের হয়ে ফুটবল নিয়ে এক আর্জেন্টাইন সাংবাদিকের সঙ্গে ঝগড়া করলেন লিওনেল মেসির বোন মারিয়া সোল মেসি। মুখোমুখি ঝগড়া নয়। মারিয়া টুইট করেই ওই সাংবাদিকের মুখোমুখি দাঁড়িয়েছেন।
আর্জেন্টিনার ফক্স স্পোর্টসের জনপ্রিয় সঞ্চালক মার্টিন লিবারম্যান সম্প্রতি মেসির সমালোচনায় মুখর। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের কাছে আর্জেন্টিনার ৩-০ গোলে হারের পর লিবারম্যান বলেছিলেন, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিতে যে চোটের অজুহাত দেখিয়ে মেসি খেলেননি, সেটি মোটেই গুরুতর কিছু ছিল না।
টুইটারে লিবারম্যানের মন্তব্যটি মারিয়া দেখেছেন। তবে তখনই কিছু বলেননি, অপেক্ষায় ছিলেন ভাইয়ের দুর্দান্ত কোনো পারফরম্যান্সের। গতকাল কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে মেসির অসাধারণ নৈপুণ্যের সুযোগটাই নিয়েছেন তিনি। টুইট করে বলেছেন, ‘আমার প্রত্যাশা মেসির এই পারফরম্যান্স টেলিভিশনে বসে লিবারম্যান দেখুক।’
পাল্টা জবাবটা অবশ্য প্রথম সুযোগেই টেলিভিশন অনুষ্ঠানে দিয়ে দিয়েছেন লিবারম্যান। প্রথমত মনে হবে বেশ আন্তরিক জবাব,‘ আমার বোন রোমিনাও ঠিক এভাবেই প্রতিক্রিয়া জানাত, যদি কেউ আমাকে নিয়ে কথা বলত।’
সূক্ষ্ম একটি খোঁচা অবশ্য আছে, ‘আমি কোনো সময়ই কোনো নারীর সঙ্গে তর্ক করি না। বিশেষ করে ফুটবল নিয়ে। আমি তাকে সম্মান করি। মারিয়া যা খুশি তা-ই লিখতে পারে, কিন্তু আমি বুঝতে পারছি, সে যা করেছে তা তার ভাইয়ের হয়েই বলেছে।’ সূত্র: মার্কা।