ভাগ চায় সান্তোসও
তাঁর দলবদলের অঙ্কটাই চোখ কপালে তুলে দেয়। ২২২ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১০৬ কোটি টাকা! এখন দেখা যাচ্ছে, নেইমারের দলবদলের এই টাকা নিয়ে কাড়াকাড়িও কম হচ্ছে না। নেইমারের ছোটবেলার ক্লাব সান্তোস এখান থেকে একটা নির্দিষ্ট অঙ্ক দাবি করছে, কিন্তু বার্সেলোনা তা দিতেই রাজি নয়।
ফিফার নিয়ম অনুযায়ী, যে ক্লাবের যুব প্রকল্পে খেলোয়াড়ের বেড়ে ওঠা, সেই ক্লাবটি দলবদলের অঙ্কের ওপর শতাংশের হারে একটা নির্দিষ্ট অর্থ পাবে। এই নিয়ম অনুযায়ী নেইমারের জন্য বার্সেলোনার কাছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫ কোটি টাকা পাওয়ার কথা সান্তোসের। সেটি তো চাইছেই, আরেকটি কারণে বার্সার কাছে আরও প্রায় ৪২ কোটি টাকা দাবি করছে সান্তোস। নেইমারকে দলে নেওয়ার সময় সান্তোসের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা বললেও শুধু একটা ম্যাচই খেলেছে বার্সেলোনা। এখন সেটিরও ক্ষতিপূরণ চাইছে সান্তোস।
বার্সেলোনা অবশ্য প্রথম দাবিটা উড়িয়ে দিচ্ছে। কাতালান ক্লাবটির বিশ্বাস, ফিফার ‘ক্ষতিপূরণে’র নিয়মটা শুধু সরাসরি দলবদলের ক্ষেত্রেই কার্যকর হবে। নেইমার তো নিজের চুক্তি কিনে নিয়ে (বাইআউট ক্লজ পরিশোধ করে) বার্সেলোনার কাছ থেকে মুক্ত হয়েছেন। তারপর গেছেন পিএসজিতে। তাই সান্তোসের প্রথম দাবির ৮৫ কোটি টাকা দিতে রাজি নয় বার্সা। প্রীতি ম্যাচ না খেলার ‘জরিমানা’র ব্যাপারটা নিয়ে অবশ্য এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কাতালান ক্লাবটি। মার্কা।