ভাগ্য খুলতে পারে তেভেজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও এমন ভঙ্গিতে দেখা যেতে পারে কার্লোস তেভেজকে
আবারও এমন ভঙ্গিতে দেখা যেতে পারে কার্লোস তেভেজকে

কার্লোস তেভেজ আর্জেন্টিনার জার্সি গায়ে শেষ ম্যাচটা খেলেছিলেন ২০১১ সালে। আলেসান্দ্রো সাবেলার যুগে ব্রাত্য হয়েই থাকতে হয়েছে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। ইউরোপিয়ান ফুটবলের গত মৌসুমে জুভেন্টাসের জার্সি গায়ে দারুণ পারফরম্যান্স দেখালেও ডাক পাননি আর্জেন্টিনার বিশ্বকাপ দলে। তবে সাবেলার বিদায়ের পর হয়তো আবারও আন্তর্জাতিক ফুটবলে দেখা যেতে পারে তেভেজকে।
বিশ্বকাপের পর আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেলা। তাঁর জায়গায় নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেরার্ডো মার্টিনো।
তেভেজের ব্যাপারে কোনো আলোচনাই করতে চাইতেন না সাবেলা। তেভেজকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করার জন্য অনেক হইচই হলেও সেগুলোতে কান দেননি তিনি। মার্টিনো অবশ্য তেভেজকে নিয়ে তেমন প্রতিক্রিয়া দেখাননি। তেভেজকে আবার দলে ডাকা হতে পারে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আর্জেন্টিনার সব খেলোয়াড়ের জন্যই দরজা খোলা আছে।’
তার মানে হয়তো ভাগ্য খুলতেও পারে তেভেজের। কিন্তু তেমনটা কবে হতে পারে, তা এখনো অনিশ্চিত। আপাতত আর্জেন্টিনার জাতীয় দলে আমূল পরিবর্তন আনার কোনো পরিকল্পনা নেই মার্টিনোর। সাবেলার রেখে যাওয়া দলটি নিয়েই কাজ শুরু করবেন বার্সেলোনার সাবেক এই কোচ।

আগামী মাসে জার্মানির বিপক্ষে একটি প্রীতিম্যাচ দিয়ে শুরু হবে মার্টিনোর এই নতুন অধ্যায়। এই ম্যাচের জন্য মার্টিনো বেছে নেবেন বিশ্বকাপের দলটিকেই।