ভাগ্য মেনে নিচ্ছেন ওয়েঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্সেন ওয়েঙ্গার নিজেকে একটু ভাগ্যবান মনে করতেই পারেন। হোসে মরিনহোর হোঁচটের পর পেপ গার্দিওলা প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছেন। আরেকটু হলে আর্সেনাল কোচকেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হতো। কিন্তু লরেন্ত কসিয়েলনির শেষ মুহূর্তের গোলে জিতে গেছে আর্সেনাল। তবে জয়টা ওয়েঙ্গারের কাছেও মনে হয়েছে ভাগ্যগুণে পাওয়া।
ম্যাচের তখন শেষ মুহূর্ত। গোলশূন্য ড্রয়ে শেষ হবে বলে মনে হচ্ছিল। কিন্তু কসিয়েলনির গোলে আর্সেনাল পেয়ে গেল উদ্যাপনের সুযোগ। যদিও রিপ্লেতে দেখা গেছে, বলটা আর্সেনাল ডিফেন্ডারের হাতে লেগেই লাইন পেরিয়েছে। ওয়েঙ্গার পরে স্বীকার করেছেন, ‘হ্যাঁ, পরে ঘটনাটা দেখে মনে হয়েছে ভাগ্য আমাদের পক্ষেই ছিল।’
তবে আপাতত এসব নিয়ে খুব একটা মাথা ঘামাবেন না ওয়েঙ্গার। সর্বশেষ নয় ম্যাচেই অপরাজিত আর্সেনাল, টানা জয় পেয়েছে পাঁচটি। সঙ্গে বোনাস, আগের ম্যাচে টটেনহামের কাছে ম্যানচেস্টার সিটির হার। সব মিলিয়ে ওয়েঙ্গার খুশি, ‘সিটি হেরেছে, অবশ্যই এটা অনেক বড় জয়। আমরা ৫ পয়েন্ট পেছনে থেকে এই ম্যাচটা শুরু করেছিলাম। আর কাছে যাওয়ার সুযোগটা নিশ্চয়ই আপনি ছাড়তে চাইবেন না। যেভাবে আমরা জয় পেয়েছি তাতে আমি অবশ্যই খুশি।’
ওয়েঙ্গার যতটা খুশি, গার্দিওলার ততটাই হতাশ হওয়ার কথা। আগের সপ্তাহে সেল্টিকের সঙ্গে ড্র করার পর টটেনহামের কাছে হার, মধুচন্দ্রিমা হুট করেই শেষ হয়ে গেল সিটি কোচের। গার্দিওলা টটেনহামকে কৃতিত্বই দিচ্ছেন, ‘আজকে ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমি শুধু টটেনহামকে অভিনন্দনই জানাতে পারি। কারণ প্রতিপক্ষ যখন আপনার চেয়ে ভালো, আপনাকে সেটি মেনে নিয়ে শিক্ষা নিতে হবে।’
তবে সিটি-আর্সেনাল-লিভারপুলের সঙ্গে শিরোপা লড়াইয়ে এখন চলে এসেছে টটেনহামও। গতবার শেষ পর্যন্ত লড়াই করেও টটেনহাম হয়েছিল দ্বিতীয়। গার্দিওলা মানছেন, এবারও টটেনহাম শেষ পর্যন্ত লড়াই করতে পারে, ‘ওরা গত মৌসুমে ভালো খেলেছে। এবার কেন নয়? ওরা শেষ পর্যন্ত যেতেই পারে।’ এএফপি।