ভাগ্যক্রমে হার এড়াল আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের সমতায় ফেরা গোল করেই গ্যালারির দিকে ছুটে গেলেন মঞ্জুরুর রহমান মানিক। টাঙ্গাইলের যুবকের খেলা দেখতে গ্যালারিতে ছিলেন তাঁর বন্ধুরা। উদ্‌যাপনটা সেখানেই করতে গেলেন মুক্তিযোদ্ধার ডিফেন্ডার। কাল ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে
ম্যাচের সমতায় ফেরা গোল করেই গ্যালারির দিকে ছুটে গেলেন মঞ্জুরুর রহমান মানিক। টাঙ্গাইলের যুবকের খেলা দেখতে গ্যালারিতে ছিলেন তাঁর বন্ধুরা। উদ্‌যাপনটা সেখানেই করতে গেলেন মুক্তিযোদ্ধার ডিফেন্ডার। কাল ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে

চেহারায় রাজ্যের হতাশা। আবাহনীর কোচ জর্জ কোটান ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বললেন, ‘ভাগ্য ভালো যে আমরা হেরে যাইনি।’ আসলেই, মুক্তিযোদ্ধার কাছে আবাহনী কাল পুরো ৩ পয়েন্ট খোয়ালেও অবাক হওয়ার কিছু থাকত না। ম্যাচের শেষ মিনিটে মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড জাভেদ যেভাবে ফাঁকা পোস্টে বল পেয়েও ক্রসবারে লাগালেন, তাতে নিশ্চিত কাল রাতটা নির্ঘুমই কেটেছে তাঁর।

পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার দারুণ সুযোগ ছিল। কিন্তু মুক্তিযোদ্ধার বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে ঢাকা আবাহনী। তবে ড্র করেও ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল মুক্তিযোদ্ধা। সমান পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী গোলপার্থক্যে দুইয়ে এবং ঢাকা আবাহনী তিনে।

চট্টগ্রাম আবাহনীর সঙ্গে আগের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল দলের বড় ভরসা লি টাককে। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কাল এই ইংলিশ স্ট্রাইকারের অভাবটা হাড়ে হাড়ে টের পেয়েছে আবাহনী। তাঁর জায়গায় সুযোগ পাওয়া সারা কামারার ওপর হতাশ জর্জ কোটান। শুধু কামারাই বা কেন, পুরো দলের ওপরই হতাশ এই অস্ট্রিয়ান, ‘আমি বরাবরই একটা কথা বলে এসেছি, ১ গোল দিয়ে কখনোই সন্তুষ্ট থেকো না। কিন্তু একটা গোল হওয়ার পর ছেলেদের ভাবসাব দেখে মনে হয় যেন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছি।’

আগেও দেখা গেছে, আবাহনী গোল দিয়ে সেটি ধরে রাখতে পারে না। কালও যেমন ম্যাচের ১৩ মিনিটে ইমন বাবুর ফ্রি-কিক থেকে চমৎকার হেডে আকাশি-নীলদের এগিয়ে নেন সানডে সিজোবা। কিন্তু একটা গোল দিয়েই যেন দায়িত্ব শেষ বলে মনে করলেন আবাহনীর ফুটবলাররা। পোস্টে শট নেওয়া যেন ভুলেই গেলেন! মাঝমাঠে ধারাবাহিক ভালো খেলেছেন শুধু ইমন বাবু। প্রায় ছয় মাস পর চোট থেকে ফেরা হেমন্ত কালই ছিলেন সেরা একাদশে। কিন্তু তাঁর পারফরম্যান্সেও হতাশ কোচ, ৬০ মিনিটের মাথায় হেমন্তকে তুলে নিয়ে ছোট শাহেদকে মাঠে নামান কোটান। তাতেও কাজ হয়নি।

মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড আহমেদ কোলো মুসা এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ (৪টি) গোলদাতা। গোল খেয়ে পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরাতে মরিয়া ছিলেন মুসা। তাঁর সঙ্গে সমানে ডান প্রান্ত দিয়ে আতঙ্ক ছড়িয়েছেন মোবারক ভূঁইয়া। ম্যাচের ৪৮ মিনিটে স্কোর ১-১ হয়েছে মোবারকের বানিয়ে দেওয়া বলেই। মোবারকের নেওয়া কর্নার কিকটা জটলা থেকে ফিরে আসে তাঁর কাছেই। সেটিকেই তুলে মারেন বক্সে। আর তাতেই মাথা ছুঁইয়ে ডিফেন্ডার মঞ্জুর রহমান মানিক সমতায় ফেরান মুক্তিযোদ্ধাকে। গোল করেই টাঙ্গাইলের যুবক ছুটলেন গ্যালারির দিকে, যেখানে গোটা দশেক প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত ছিলেন তাঁর বন্ধুরা। প্ল্যাকার্ডে লেখা ছিল, মানিকের নাম। লেখা ছিল তাঁর জার্সি নম্বর।

জয় নিয়েই মাঠ ছাড়তে পারত মুক্তিযোদ্ধা, যদি না শেষ মুহূর্তে জাভেদের ওই শটটি ক্রসবারে প্রতিহত না হতো। গোলপোস্টের সামনে ছিলেন না আবাহনীর গোলরক্ষক সোহেল। জিততে না পারায় মুক্তিযোদ্ধা কোচ আবদুল কাইয়ুম সেন্টুর আফসোস আছে, তবে অখুশিও তিনি নন, ‘জিততে পারিনি বলে খারাপ লাগছে। তারপরও খুশি যে আবাহনীর মতো শক্তিশালী দলের সঙ্গে ড্র করেছি। আবাহনীর অন্তত আটজন খেলছে জাতীয় দলে, এদের সঙ্গে ড্র করেই সন্তুষ্ট আমি।’