ভাগ্যিস যাননি মেসিরা!
এক দিন আগে-পরেই হলেই পরিস্থিতি অন্য রকম হতে পারত। একবার চিন্তা করুন তো, ইস্তাম্বুলের বিমানবন্দরে আটকা পড়ে আছেন লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তারা। বাইরে থেমে থেমে গোলাগুলি চলছে, ভয়ার্ত মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। পরশু ব্যর্থ এক সেনা অভ্যুত্থানের জেরে ইস্তাম্বুল হয়ে পড়েছিল আতঙ্কের নগরী। মেসিদের ভাগ্য ভালো, সেই অভিজ্ঞতা কাছ থেকে দেখতে হয়নি। যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তুরস্ক যেতে হয়নি তাঁদের।
মেসিদের সাবেক সতীর্থ স্যামুয়েল ইতো ইস্তাম্বুলে নিজের দাতব্য সংগঠনের ১০ বছর পূর্তি উপলক্ষে একটা প্রীতি ম্যাচ আয়োজন করতে চেয়েছিলেন। সেখানে খেলার কথা ছিল মেসি, ইনিয়েস্তা ছাড়াও সুয়ারেজ, নেইমার, টট্টি, হ্যাজার্ড, জাভি, পুয়োলের মতো খেলোয়াড়দের। কালই হওয়ার কথা ছিল ম্যাচটি।
মেসিরা ম্যাচ খেলতে না গেলেও সাবেক বার্সা খেলোয়াড় পুয়োল, ডেকো, আবিদালরা আগেই ইস্তাম্বুল চলে গিয়েছিলেন। আর বার্সার মিডফিল্ডার আরদা তুরানের দেশ তো তুরস্কই। তবে তাঁরা সবাই নিরাপদে আছেন। অবশ্য চ্যারিটি ম্যাচ খেলতে গিয়ে দেশটিতে আটকা পড়েছেন লিঁওর ফুটবলাররা। ইএসপিএন।