ভাগ্যের ছোঁয়ায় গোল পেয়েছেন মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি, যেন জাদুকর! ছবি: এএফপি
মেসি, যেন জাদুকর! ছবি: এএফপি

জাদুকরদের ভাগ্যের ছোঁয়ার প্রয়োজন পড়ে না। ভাগ্যকে পোষ মানাতে জানেন তাঁরা। লিওনেল মেসি এমনই এক জাদুকর। মাত্র চার মিনিটের মধ্যে অলৌকিক কিছু করে বসলেন। যেন শূন্য হ্যাট থেকে বেরিয়ে এল আস্ত খরগোশ! নিজেদের মাঠে গোলশূন্য ড্র করে বার্সেলোনার যখন দেয়ালে পিঠ ঠেকে যাবে বলেই মনে হচ্ছিল, মুহূর্তেই ​কী যে হলো, সেই বার্সাই মেসি-জাদুতে ম্যাচ জিতল ৩-০ ব্যবধানে।
নিজে দুটো গোল করেছেন। এর মধ্যে দ্বিতীয় গোলটির কথা আজীবন ভুলতে পারবেন না... না মেসি নয়, এমন গোল তিনি অনেক করেছেন। এই গোলের দুঃসহ স্মৃতি বুকে সেঁটে থাকবে ম্যানুয়েল নয়্যার আর জেরোম বোয়াটেংয়ের। দুজনকে রীতিমতো ‘অপদস্থ’ করেছেন মেসি। নেইমারের শেষ গোলটিও তাঁর বানিয়ে দেওয়া। এ নিয়ে টানা তিন ম্যাচে দুটো করে গোল আর একটি করে এসিস্ট করেছেন মেসি। চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদোকে বসতে দিয়েছেন মাত্র ২৪ ঘণ্টা।
মেসির মোহে সারা বিশ্ব যেন আবার আবিষ্ট। চার দিক থেকে প্রশংসা ধেয়ে আসছে স্রোতের মতো। খোদ পেপ গার্দিওলা, নয়্যার, টমাস মুলাররা বলছেন, ফিরতি লেগের আর কোনো প্রয়োজন নেই। কিন্তু একজন বলছেন অন্য কথা। তাঁর বক্তব্য, ভাগ্যটা পাশে ছিল বলেই জিতেছে বার্সেলোনা। তাঁর কথা, এখনো কঠিন পথ পাড়ি দিতে হবে বার্সাকে। কে তিনি? মেসি নিজেই!
কাল ম্যাচ শেষে সাংবাদিকদের মেসি বলেছেন, ‘প্রথম গোলটা করা আমাদের জন্য ছিল ভাগ্যের ব্যাপার। পরের গোলটাও এল খুব দ্রুত। ফিরতি লেগের আগে আমরা ভালো একটা ফল পেয়েছি, এমনটাই আমরা চেয়েছিলাম। কিন্তু জার্মানিতে গিয়ে খেলা খুব কঠিন। আমরা ভালোভাবে জিতেছি, কিন্তু জার্মানিতে গিয়ে নিজেদের সেরাটাই খেলতে হবে।’
এটাই মেসি। যেন তিনি নন, গোলগুলো করেছেন অন্য কেউ। একবারও বললেন না নিজের কথা। নেইমারের গোলটার পর সবচেয়ে বেশি খুশি মনে হলো তাঁকেই। ‘জার্মানি’ গত বিশ্বকাপে মেসি-নেইমার দুজনের কাছেই দুঃখের প্রতিশব্দ হয়ে আছে। বিশ্বকাপের তুলনা কোনো কিছুতেই হয় না। তবে বিশ্বের সেরা গোলরক্ষক নয়্যারকে তিন গোল হজম করিয়ে মেসি-নেইমার তৃপ্তি পেতেই পারেন!
দ্বিতীয় গোলটার পর ন্যু ক্যাম্পের গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি গায়ে এক দর্শককে আনন্দে প্রায় কেঁদে ফেলতে দেখা গেল। টিভি ক্যামেরা এক ঝলক দেখাল হতভম্ব মারিও গোটশের মুখটাও। এই গোটশের গোলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার জার্সি পরা কত কোটি সমর্থক কেঁদেছে! তবে মেসির প্রথম গোলের পর উদ্‌যাপনটাই হয়েছে বেশি ‘বিস্ফোরক’। এভাবে গোলের পর আনন্দে ফেটে পড়তে খুব কমই দেখা গেছে তাঁকে।
এমন উদ্‌যাপনের কারণ কী? কেউ যদি এর সঙ্গে বিশ্বকাপ-প্রতিশোধ এসব মিলিয়ে ফেলেন ভুল করবেন। কারণ মেসি বলছেন, ‘ওই গোলটার গুরুত্ব খুব বেশি ছিল বলে আমার আনন্দটাও বেশি হচ্ছিল। আসলে আমরা কোনোভাবেই (৭৬ মিনিট পর্যন্ত) গোল করতে পারছিলাম না। এমন গুরুত্বপূর্ণ একটা ম্যাচে ওই গোলটার গুরুত্বও অনেক বেশি।’