ভাগ্যের ছোঁয়ায় ফাইনালে টিসি স্পোর্টস
মার্সিয়াংদি গোলরক্ষককে কি ম্যাচ শেষে পর টিসি স্পোর্টস দল ধন্যবাদ দিয়ে এসেছে? ম্যাচের ৮৩ মিনিটে অমন হাস্যকর একটা ভুল না হলে এ ম্যাচ তো নির্ধারিত ৯০ মিনিটে শেষ হয় না। প্রতিপক্ষের উপহারে শেখ কামাল আন্তর্জাতিক ফুটবলের দ্বিতীয় আসরের ফাইনালে চলে গেল মালদ্বীপের দল টিসি স্পোর্টস।
আক্রমণ, পালটা আক্রমণে পুরো মাঠ ব্যস্ত থাকলেও দুই দল কোনোভাবেই গোল পাচ্ছিল না। সে অচলায়তন থামল ৮৩ মিনিটে, যখন ডান প্রান্ত দিয়ে একটা ক্রস এল মার্সিয়াংদির বক্সে। ক্রসটা ভালো ছিল না মোটেও, ডি-বক্সে থাকা টিসি অধিনায়ক নাফিউ আলীর কাছে না এসে বল গেল প্রতিপক্ষের গোলরক্ষকের কাছে। সে বলটাই গ্রিপে নিতে পারলেন না। তাড়াহুড়া করতে গিয়ে বল ছুটে গেল হাত থেকে, পড়বি তো পড় একদম নাফিউর গায়ে। কোনো কষ্ট করতে হয়নি টিসির অধিনায়ককে। বলটা তাঁর বুকে লেগেই চলে গেল জালে, গো-ও-ও-ল! এতগুলো ব্যর্থ আক্রমণের পর গোলের দেখা পেল টিসি স্পোর্টস। ম্যাচের বাকি সময়টা সে গোল রক্ষা করেই পার করে দিল তারা।
এর আগে ফেবারিট হিসেবে ম্যাচ শুরু করা টিসি স্পোর্টস খেলাতেও এগিয়ে ছিল। প্রথমার্ধে বেশ কয়েকবার ভয় জাগালেও গোলটা পাচ্ছিল না মালদ্বীপের ক্লাবটি। প্রতি আক্রমণে মার্সিয়াংদিও ত্রাস ছড়ালেও কোনোভাবেই শেষ বাধা পেরোতে পাড়ছিল না। নেপালের ক্লাবটিকে বারবার হতাশ করেছেন টিসির নেপালি গোলরক্ষক। ম্যাচের শেষ মুহূর্তে তো গোল প্রায় ফিরিয়ে দিচ্ছিল মার্সিয়াংদি। কিন্তু ভাগ্যের অসহযোগিতায় মুখ কালো করেই মাঠ ছেড়েছে তারা।