ভাটার টান মেনে নিলেন পিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টিকিটালিয়া’—ইতালির শীর্ষস্থানীয় পত্রিকা করিয়েরে দেল্লো স্পোর্ত-এর শিরোনাম। ইতালির টিকি-টাকার টুঁটি চেপে ধরাটা এর চেয়ে ভালোভাবে বোধ হয় আর বোঝানো যেত না! তবে ইতালির কাছে পরশুর হারটাই কি ইউরোপে স্প্যানিশ যুগের আনুষ্ঠানিক অবসান ঘোষণা করছে? এমন প্রশ্ন এখন উঠেই যাচ্ছে।
২০০৮ ও ২০১২ টানা দুবার ইউরোপের সিংহাসনে বসেছিল স্পেন। এই ইউরোতে দ্বিতীয় রাউন্ড শেষেই ছাড়তে হবে, সেটা অনেকেই হয়তো অনুমান করতে পারেননি। বিশেষ করে প্রথম দুই ম্যাচে অমন দারুণ খেলার পর তো বটেই। কিন্তু ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচে হঠাৎ করে কক্ষপথ থেকে বিচ্যুত স্পেন, ইতালির সঙ্গে তো আন্তোনিও কন্তের কৌশলের কাছেই মার খেয়ে গেল। ২০১৪ বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর স্পেন-রাজের গোধূলিবেলা দেখে ফেলেছিলেন অনেকে। পরশুর পরাজয়ের পর মনে হচ্ছে, সামনে তমসাভরা রাতই অপেক্ষা করছে।
জেরার্ড পিকে স্বীকার করলেন, স্পেন দলটা আগের মতো ক্ষুরধার নেই, ‘আমাদের বাস্তববাদী হতে হবে। বিশ্বচ্যাম্পিয়ন ও ইউরো চ্যাম্পিয়ন হওয়ার সময় আমরা যে পর্যায়ে নেই, এখন আর সেখানে নেই। এটা মেনে নিয়েই আমাদের আয়নায় নিজেদের দেখতে হবে। রাশিয়ার বিশ্বকাপে নিজেদের আরও ভালো করতে হবে।’ তবে স্পেনের ফুটবলে কঠিন সময় আসছে, সেটা পিকে মানতে চাইলেন না, ‘অনেক নতুন খেলোয়াড় আসছে, তাদের মধ্যে সম্ভাবনাও আছে। অভিজ্ঞ অনেকেও এখন আছে। প্রতিভা ও অভিজ্ঞতাকে পুঁজি করেই আমাদের এগিয়ে যেতে হবে।’
ভিসেন্তে দেল বস্ককে নিয়েও শুরু হয়ে গেছে তুমুল সমালোচনা। স্প্যানিশ প্রচারমাধ্যম তো ৬৫ বছর বয়সী কোচকে পারলে এখনই বিদায় জানিয়ে দেয়। তবে পিকে সিদ্ধান্তটা দেল বস্কের হাতেই ছেড়ে দিতে চান, ‘এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তিনি নিজেই অর্জন করে নিয়েছেন। আমাদের ফুটবলের জন্য তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন।’ এএফপি।
কিন্তু দেল বস্ক নিজে কী ভাবছেন? বিদায় নেওয়ার কোনো আভাস তাঁর কথায় খুঁজে পাওয়া যাচ্ছে না, বরং তাকিয়ে আছেন সামনের দিকে, ‘আমার মনে হয় না আমাদের যুগটা শেষ হয়ে গেছে। স্প্যানিশ ফুটবলের কাঠামো খুবই সুশৃঙ্খল। আমাদের ভালো একাডেমি আছে, বেশ কিছু ভালো খেলোয়াড় আছে, ভালো ক্লাব আছে। এখন আমাদের পরের বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে হবে। আর আমার ভবিষ্যৎ নিয়ে এত জল্পনা-কল্পনার কিছু নেই। আমি প্রেসিডেন্টের (স্প্যানিশ ফেডারেশনের) সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব। জাতীয় দলের জন্য যেটা ভালো হয়, সেটাই করব।’