ভাড়াটে দিয়ে যুদ্ধ জয় হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে লাল-সবুজ জার্সি পরার অপেক্ষায় (বাঁ থেকে) আবাহনীর ঘানাইয়ান ডিফেন্ডার সামাদ ইউসুফ, মোহামেডানের গিনিয়ান স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরা ও শেখ রাসেলের নাইজেরিয়ান স্ট্রাইকার কিংসলে শিগোজি l ফাইল ছবি
বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে লাল-সবুজ জার্সি পরার অপেক্ষায় (বাঁ থেকে) আবাহনীর ঘানাইয়ান ডিফেন্ডার সামাদ ইউসুফ, মোহামেডানের গিনিয়ান স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরা ও শেখ রাসেলের নাইজেরিয়ান স্ট্রাইকার কিংসলে শিগোজি l ফাইল ছবি
জাতীয় দলকে আরও শক্তিশালী করা প্রয়োজন। এই ভাবনা থেকেই তিন আফ্রিকান ফুটবলারকে নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অনেকে এই উদ্যোগকে ভালো বলতে রাজি নন। এই পক্ষে বলছেন জাতীয় দলের সাবেক কোচ ও ফুটবল বিশ্লেষক গোলাম সারোয়ার টিপু।
গোলাম সারোয়ার টিপু
গোলাম সারোয়ার টিপু

খবরটা প্রথম শুনেই একটু ধাক্কা খেয়েছি। তিন আফ্রিকান ফুটবলারকে বাংলাদেশ জাতীয় দলে খেলানোর উদ্যোগ আমার ভালো লাগছে না। এমনিতেই আমাদের খেলোয়াড়-সংকট। বিশেষ করে স্ট্রাইকিং পজিশনে তেমন খেলোয়াড় নেই। ক্লাবগুলোর অতিরিক্ত বিদেশনির্ভরতাই দায়ী এ জন্য। তারওপর এখন বিদেশি খেলোয়াড় জাতীয় দলে নিলে এর নেতিবাচক প্রভাব আমাদের সামগ্রিক ফুটবলে পড়বেই।
এই উদ্যোগের মধ্য দিয়ে আমরাই আমাদের খেলোয়াড়দের নিরুৎসাহিত করছি। বিদেশিদের নিলে আর ওই স্ট্রাইকার পাওয়া যাবে না। নবীন ফুটবলাররা আর স্ট্রাইকার হতে চাইবে না, ওরা আরও আস্থাহীনতায় ভুগবে। স্থানীয়দের পরিচর্যা না করলে চলবে কী করে?
সবচেয়ে বড় কথা, এই তিন আফ্রিকান আমাদের কত দিন সার্ভিস দেবে? এঁদের বয়স ত্রিশ বা এর কাছাকাছি। এই বয়সে এরা কী করতে পারবে আমি জানি না। তা ছাড়া এরাই এখানে সেরা খেলোয়াড় কি না তা নিয়েও আমি সন্দিহান।
তর্কের খাতিরে উদ্যোক্তারা বলতে পারেন, এদের হাত ধরে নগদ সাফল্য আসবে। সে ব্যাপারেও আমি নিশ্চিত নই। ধরে নিলাম কিছু সাফল্য এল, কিন্তু তারপর? এরা এক-দুই বছর পর চলে গেলে ধারাবাহিকতা থাকবে না। তাহলে কি প্রতিবছরই তিন-চারজন করে আমরা জাতীয় দলে নিতে থাকব?
এই প্রশ্নগুলো তীব্রভাবেই আসছে। তা ছাড়া ভাড়াটে দিয়ে যুদ্ধ জয় করা যায় না। জাতীয় দলে খেলতে আবেগ-অনুভূতি লাগে। সেটি এই খেলোয়াড়দের কাছে পাওয়ার আশা বাড়াবাড়ি।
হ্যাঁ, ঠিক আছে, নগদ সাফল্যও প্রয়োজন। এটা অস্বীকার করি না। কিন্তু ভবিষ্যতের জন্য তা ভালো হবে না। ধরুন, বিদেশি খেলোয়াড় নিয়ে আমরা দু-চারটি ম্যাচ জিতলাম, তাতে কি সবাই খুশি হবেন? আত্মতৃপ্তি আসবে? আমার মনে হয়, এটা কাউকেই তৃপ্ত করবে না। বাঙ্গুরা গোল করে জাতীয় দলকে জেতালে মনে হয় না আমরা আনন্দে ভেসে যাব। আমাদের ছেলেরা
যাই করুক সেটিই তো আমাদের শক্তি।
কদিন আগে দেখলাম কাজী সালাউদ্দিন প্রথম আলোকেই বলেছে, ‘সারা পৃথিবী এটা করে। আমরা করলে সমস্যা কোথায়?’ এই পয়েন্টে সালাউদ্দিনের সঙ্গে দ্বিমত নেই আমার। ডিয়েগো কস্তা ব্রাজিল ছেড়ে স্পেনের হয়ে খেলছে না? পৃথিবীতে এটা নতুন নয়। তা ছাড়া আমাদের স্ট্রাইকাররা দশটা সুযোগের হয়তো দশটিই মিস করে, এরা চারটি পেয়ে একটি হয়তো কাজে লাগাবে। এই যুক্তিও মানছি।
কিন্তু আমার কথা হলো, সমস্যার গভীরে যেতে হবে। সাময়িক সমাধান কোনো সমাধান নয়। এই আফ্রিকানদের নিয়ে আমাদের ফুটবলে বৃহত্তর লাভ হবে বলেও মনে করার কারণ নেই। এদের জন্যই ঘরোয়া ফুটবলে স্ট্রাইকার বের করতে পারছি না আমরা, এখন জাতীয় দলেও এদের নিলে সংকট বাড়বে।
কাজেই ব্যাপারটা নিয়ে বিস্তর আলোচনা প্রয়োজন। এটি খুব বড় একটা সিদ্ধান্ত। সবাই পক্ষে মত দিলে আপত্তির কিছু নেই। তার আগে সংশ্লিষ্টদের অনুরোধ, দ্বিতীয়বার ভাবুন। নইলে আমাদের ফুটবলে সংকট আরও ঘনীভূতই হবে।