ভাবনায় বার্লিনের ফাইনাল
৬ জুন। বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম। কোন দল জিতবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল?
যেই জিতুক, বার্সেলোনা-জুভেন্টাস দুই দলের চোখই এখন বার্লিনের ফাইনালে। ওই ফাইনালের আগে আজ আরেকটি ফাইনালে (কোপা ডেল রে) অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি বার্সা। কিন্তু কাতালান দলটির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে বার্লিনের ফাইনাল নিয়েই কথা বলতে হলো বেশি। বার্লিনে ফেবারিট ধরা হচ্ছে চারবারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকেই। এখানেই সতীর্থদের প্রতি মেসির সতর্কবার্তা, আত্মতুষ্টির বিপক্ষে যুদ্ধ ঘোষণা, ‘কঠিন একটা দলের মুখোমুখি হতে যাচ্ছি আমরা। ওরা শারীরিকভাবে শক্তিশালী।’ জুভেন্টাস সম্পর্কে বলতে গিয়ে টানা চারবারের ব্যালন ডি’অর জয়ীকে মুখে আনতে হলো আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ কার্লোস তেভেজের নামও, ‘দলটির আছে তেভেজের মতো বড় এক খেলোয়াড়।’
জুভেন্টাসের জার্সিতে তেভেজ ‘বড়’ খেলোয়াড়ই। মাত্রই শেষ হওয়া সিরি ‘আ’তে করেছেন ২০ গোল, সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯। তাঁর দুর্দান্ত এই ফর্মই জুভেন্টাসকে লিগের পাশাপাশি এনে দিয়েছে ইতালিয়ান কাপের শিরোপাও। তুরিনের বুড়িদের সামনে এখন প্রথম ত্রিমুকুট জয়ের হাতছানি। এটাই জুভেন্টাসের বড় প্রেরণা। মেসি তাই প্রতিপক্ষকে সমীহই করছেন, ‘এটা একটা ফাইনাল। যেকোনো কিছুই ঘটতে পারে। ম্যাচটির জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা, সাধারণভাবে যেমন প্রস্তুতি নিয়ে থাকি।’
কোপা ডেল রের ফাইনালের আগেও যখন মেসির ভাবনায় বার্লিনের ফাইনাল, জুভেন্টাস তো প্রতিপক্ষকে নিয়ে ভাববেই। আর তাদের ভাবনাজুড়ে মেসি, সুয়ারেজ ও নেইমার—বার্সার ত্রিমূর্তি। এই মৌমুমে এমএসএন ত্রয়ীর মিলিত গোল এক শর বেশি। তেভেজের কথায়, ‘বার্সেলোনা বিশ্বের সেরা দল। তাদের আছে সেরা তিন স্ট্রাইকার।’ তবে লড়াইয়ের আগেই হার মানতে রাজি নন ‘এল অ্যাপাচি’। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে সেমিফাইনালে টপকে ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী তেভেজ জানেন ফাইনালে কী তাদের করতে হবে, ‘কঠোর পরিশ্রম করতে হবে আমাদের। নিখুঁতের চেয়েও ভালো খেলতে হবে।’ গোলডটকম।
মেসির চোখে তিনিই বার্সার হুমকি কি না এ প্রসঙ্গে জানতে চাইলে ৩১ বছর বয়সী জুভ ফরোয়ার্ডের নিরাবেগ উত্তর, ‘আমার বিপক্ষে খেলাটা নয়, এই ম্যাচটাতেই মেসির যত মনোযোগ। জাতীয় দলে আমরা সতীর্থ, কিন্তু আমিও চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। তার বিপক্ষে খেলাটা আমার কাছে বেশি গুরুত্ব পাচ্ছে না।’