ভারত থেকে কেঁদে, বাংলাদেশ থেকে মিথ্যা বলে
* বাংলাদেশের শেখ রাসেল ও শেখ জামালের জার্সিতে খেলেছিলেন সনি নর্দে। পরবর্তী সময়ে নাম লেখান কলকাতার মোহনবাগানে।
* বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পারিশ্রমিকে সনিকে দলে ভিড়িয়েছিল শেখ জামাল। কিন্তু পরবর্তী মৌসুমে আর তাঁকে রাখা যায়নি।

সনি নর্দের কথা মনে আছে? সহজেই ভুলে যাওয়ার কথা নয় হাইতিয়ান এই ফুটবলারের কথা। শেখ রাসেল ও শেখ জামালের জার্সিতে দুই মৌসুম খেলেছিলেন ঢাকায়। দুর্দান্ত গতি ও ড্রিবলিংয়ে মুগ্ধ করেছিলেন সবাইকে। তাঁর ফুটবল কারিকুরি দেখতে স্টেডিয়ামে দর্শক সমাগমও গিয়েছিল বেড়ে। সনির গায়ে উঠে গিয়েছিল ঢাকার মাঠে খেলা অন্যতম সেরা বিদেশির তকমাও।
কিন্তু এই বেশি ভালো খেলাটাই ‘কাল’ হয়ে দাঁড়াল শেখ জামালের! জামালের হয়ে কলকাতার ঐতিহ্যবাহী আইএফ শিল্ড টুর্নামেন্ট খেলতে গিয়েই হাইতিয়ান এই প্লেমেকারের ওপর নজর পড়ে কলকাতার ক্লাবগুলোর। পরে ২০১৪ সালে শেখ জামাল থেকে মোহনবাগানে পাড়ি জমান তিনি।
খেলোয়াড় এক ক্লাব ছেড়ে আরেক ক্লাবে যাবেন, পেশাদার ফুটবলে এটাই স্বাভাবিক। কিন্তু মোটেও স্বাভাবিক ছিল না সনির বাংলাদেশ ছাড়ার গল্পটা। নিয়েছিলেন মিথ্যার আশ্রয়। শেখ জামাল থেকে ছুটি নিয়ে ঢাকা ছেড়েছিলেন। সেই যাওয়াই শেষ। আর ফেরেননি জামালের এ ‘পোস্টার বয়’। পরে জানা গেল, মোহনবাগানে নাম লিখিয়েছেন বাংলাদেশি ফুটবল সমর্থকদের মন জয় করা সনি। পুরোনো গল্পটা নতুন করে পাড়া কেন?

দুই দিন হলো হাঁটুর বড় চোটে পড়ে মোহনবাগান ছেড়েছেন হাইতিয়ান প্লেমেকার। তবে প্রতিবেশী দেশ থেকে তাঁর বিদায়ের দৃশ্যটা আকাশ-পাতাল পার্থক্য। যেই সনি ঢাকা ছেড়েছিলেন মিথ্যা বলে, সেই সনিই ভারত ছাড়লেন অশ্রুসিক্ত হয়ে। তাঁকে বিদায় দিতে এসে একাধারে কাঁদছেন সমর্থকেরা, শিশুর মতো কাঁদছেন সনি নিজেও। দৃশ্যটা দেখলে বোঝার উপায় নেই, মাঠে নামলে এই সনিই প্রতিপক্ষকে দুমড়ে–মুচড়ে ফেলেন নিমেষে। তাঁর কান্নার দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সনির এই বিদায় একটি প্রশ্নও দাঁড় করিয়ে দিল। ভারতীয় ক্লাব থেকে বিদায় নেওয়ার সময় যে ফুটবলার কাঁদে, সেই একই মানুষটি বাংলাদেশ থেকে মিথ্যা বলে বিদায় নিয়েছিলেন কেন?
উত্তরটি জানার জন্য ফোন দেওয়া হয়েছিল সনিকে। কিন্তু ফোনে পাওয়া যায়নি। তবে ভারত-বাংলাদেশের ফুটবল সংস্কৃতির মধ্যে পার্থক্য যে অনেক, তা জানালেন সনির সবচেয়ে কাছের বন্ধু ওয়েডসন এনসেলমে, ‘কোথায় বাংলাদেশের ফুটবল। আর কোথায় ভারতের ফুটবল! খেলার মানে তেমন পার্থক্য নেই। কিন্তু সেখানকার খেলার পরিবেশটা অন্য রকম। ক্লাব কর্মকর্তারা খুবই আন্তরিক। তাঁরা কথা বলেন কম, কাজ করেন বেশি। সমর্থকও অনেক। খেলাটা উপভোগ করা যায়।’ চলতি মৌসুমে লিগের দ্বিতীয় পর্বে সাইফ স্পোর্টিংয়ে নাম লেখানোর আগে ওয়েডসন নিজেও খেলে এসেছেন ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গলে। দেশের ফুটবল পার্থক্য তাঁরই ভালো বোঝার কথা!

শেখ জামাল ছেড়ে ২০১৬ সালে ইস্টবেঙ্গলে নাম লেখানোর সময় ওয়েডসনকেও কম দুর্ভোগ পোহাতে হয়নি। বিদায় বেলায় তাঁর সঙ্গে খুবই বাজে আচরণ করা হয়েছিল, সেটি বলেছিলেন অবলীলায়। এর আগে জামালের হয়ে প্রিমিয়ার লিগ খেলার সময় চট্টগ্রামে হোটেলে বসে বলেছিলেন, ‘শেখ জামালের সঙ্গে আমার চুক্তিটাই ভুয়া!’
তার মানে ওয়েডসনকে খেলানো হচ্ছে জোর করে! দেশের ফুটবল সংস্কৃতিটা এমনই, দুর্দান্ত ফুটবলাররা যেতে পারলেই যেন বাঁচেন! অথচ ক্রিকেটপাগল ভারতেই দৃশ্যটা ভিন্ন—সেখান থেকে ফুটবলাররা যে বিদায় নেন কেঁদে, সনিকে দেখেই বোঝা যাচ্ছে।