ভারত, না আফগানিস্তান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ১০টি সাফ টুর্নামেন্টে ছয়বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার ‘বিশ্বকাপ’ বলে পরিচিত টুর্নামেন্টে ভারত রীতিমতো দৈত্য। এবার চ্যাম্পিয়ন হতে পারলে তারা উঠে দাঁড়াবে ‘সপ্তম স্বর্গে’। কিন্তু গতবারের চ্যাম্পিয়ন আফগানিস্তান কি স্বাগতিক ভারতকে এবারও শিরোপাবঞ্চিত করতে পারবে? গতবারের ফাইনালেরই পুনর্মঞ্চায়ন হচ্ছে আজ। কাঠমান্ডুতে গত সাফের ফাইনালে এই আফগানিস্তানের কাছেই হেরেছিল ভারত।
গত সাফের ফাইনালে হারের প্রতিশোধই নিতে চাইবে ভারত। দেশের মাটিতে খেলা, মানসিকভাবে নিশ্চয়ই এগিয়ে থাকবে ভারত। তবে আফগানিস্তানকে মোটেই হালকা করে দেখার সুযোগ নেই। গত সাফ ফুটবল জিতে ক্রমেই সিঁড়ি ভেঙে এগোতে থাকা আফগানিস্তান দক্ষিণ এশিয়ায় এখন ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে (১৫০), ভারত তাদের চেয়ে ১৬ ধাপ নিচে। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন ক্লাবে খেলা ফুটবলাররাই আফগানিস্তানকে তুলে দিয়েছেন দক্ষিণ এশিয়ার র্যাঙ্কিং-শীর্ষে। মাঠের খেলাতেও র্যাঙ্কিং আধিপত্যের প্রতিফলন ঘটাচ্ছে আফগানিস্তান। টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই দাপটের সঙ্গে জিতেছে আফগানরা। গ্রুপ পর্বে তারা বাংলাদেশকে ৪-০, ভুটানকে ৩-০ ও মালদ্বীপকে ৪-১ গোলে হারিয়েছে। সেমিফাইনালে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ৫-০ গোলে। অন্যদিকে গ্রুপ পর্বে ভারত ৪-১ গোলে নেপালকে এবং ২-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে, সেমিফাইনালে মালদ্বীপকে হারিয়েছে ৩-২ গোলে।
ভারতের অন্যতম ভরসা স্ট্রাইকার রবিন সিংকে ছিটকে দিয়েছে চোট। সুনীল ছেত্রী, জেজে লালপেখুয়াদের কাঁধেই আজ বড় দায়িত্ব। তবে এটা তো বলা বাহুল্য যে ঘরের মাঠ, নিজেদের সমর্থকই আত্মবিশ্বাস জোগাবে ভারতকে।
শেষ পর্যন্ত ফল যা-ই হোক না কেন যোগ্যতম দুটি দলই উঠেছে ফাইনালে। ত্রিবান্দ্রামের গ্রিনফিল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু শিরোপা লড়াইটা যে খুব জমবে, তা নিয়ে সংশয় তাই সামান্যই।