ভারত না হারলেই বাংলাদেশ চ্যাম্পিয়ন

বাংলাদেশের সামনে শিরোপা জয়ের হাতছানি। স্বাগতিক ভুটানকে ২-০ গোলে হারিয়ে নিজেদের কাজটা করে রেখেছে বাংলাদেশ। টুর্নামেন্টের শেষ ম্যাচ আজ ভারত নেপালের কাছে না হারলেই অনূর্ধ্ব–১৮ সাফ ফুটবলের চ্যাম্পিয়ন হয়ে যাবে বাংলাদেশ। নেপাল হারলে তো কথাই নেই, ম্যাচটি ড্র হলেও বাংলাদেশ জিতবে শিরোপা।
শেষ মুহূর্তে শ্রীলঙ্কা নাম প্রত্যাহার করায় পাঁচ জাতি টুর্নামেন্ট হচ্ছে লিগ ভিত্তিতে। টুর্নামেন্টের শীর্ষে থাকা দলটিই জিতবে ট্রফি। চার ম্যাচের তিনটি জেতা বাংলাদেশের পয়েন্ট এখন ৯। ভারত-নেপাল দুই দলের পয়েন্ট ৬। এই ম্যাচটি ড্র হলে দুদলের পয়েন্ট হবে ৭। তখন চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।
আর ভারত যদি জেতে, তাদেরও পয়েন্ট হয়ে যাবে ৯। নিয়ম অনুযায়ী পয়েন্ট সমান হলে প্রথমে মুখোমুখি লড়াইয়ের হিসাব ধরা হবে। সেখানেও সমতা থাকলে তখন দেখা হবে গোল ব্যবধান। মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ ভারতের বিপক্ষে এগিয়ে আছে, আবার নেপালের বিপক্ষে আছে পিছিয়ে। ফলে নেপাল যদি জেতে, তখন বাংলাদেশের সমান পয়েন্ট নিয়েও ট্রফি জিতবে তারা।
এখন তাই ভারতের না হারার জন্য অপেক্ষা করতে হবে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।
পয়েন্ট টেবিল
দল | ম্যাচ | জয় | ড্র | হার | গোল | পয়েন্ট |
বাংলাদেশ | ৪ | ৩ | ০ | ১ | +৪ | ৯ |
ভারত | ৩ | ২ | ০ | ১ | +৩ | ৬ |
নেপাল | ৩ | ২ | ০ | ১ | +২ | ৬ |
ভুটান | ৪ | ২ | ০ | ২ | −৩ | ৬ |
মালদ্বীপ | ৪ | ০ | ০ | ৪ | −৬ | ০ |